ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, নেপাল ও তিব্বতে গতকাল রোববারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৬-তে দাঁড়িয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো না পাওয়া যাওয়ায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভূমিধস ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন প্রতিবেদনে আজ সোমবার এ কথা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ভারতের সিকিমে ৩৯ জন, পশ্চিমবঙ্গে ছয়, বিহারে ,নেপালে এবং তিব্বতে সাতজন করে নিহত হয়েছে। নেপালে নিহত লোকজনের মধ্যে তিনজন কাঠমান্ডুতে ব্রিটিশ দূতাবাসের দেয়ালধসে মারা যায়।সিকিমের কর্তৃপক্ষ বলছে, সেখানে নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, উদ্ধারকর্মীরা এখনো প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছতে পারেননি। গতকাল বাংলাদেশ, নেপাল, তিব্বত ও ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোয় রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া ভূকম্পন হয় ভুটানেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হিমালয় পর্বতমালার পাদদেশের সিকিম ও নেপাল সীমান্তবর্তী এলাকায়। এ স্থানটি বাংলাদেশের উত্তরাঞ্চলের নিকটবর্তী। ভূগর্ভের ২০ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পনের উত্পত্তিস্থল।মার্কিন ভূতত্ত্ব বিভাগ জানায়, ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে সিকিমের গ্যাংটক ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরে।সিকিম পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান, চার শতাধিক উদ্ধারকর্মী রাজধানী গ্যাংটকে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু মাটিধস ও রাস্তায় ফাটলের কারণে যোগাযোগ-ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। সিকিমের অনেক শহরে বিদ্যুত্-সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্যাংটকের বাসিন্দা পাওয়ান থাপা বলেন, ‘মানুষ এখনো আতঙ্কের মধ্যে আছে। আমরা পুরো রাত বাড়ির বাইরের কাটিয়েছি। দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস-আদালত এখনো বন্ধ রয়েছে।’ভূমিকম্পের পর পরই বিমানবাহিনীর কয়েকটি জেট বিমান উদ্ধারকর্মী ও যন্ত্রপাতি নিয়ে সিকিমে উদ্দেশে উড়ে গেছে। চীন সীমান্তে অবস্থান করা ভারতীয় সেনা কর্মকর্তারাও উদ্ধার-কার্যক্রমে দিকনির্দেশনা দিচ্ছেন।দক্ষিণ সিকিমের জেলা ম্যাজিস্ট্রেট এ কে সিং জানান, সিকিমের বিভিন্ন অংশ থেকে ভূমি ও ভবনধসের খবর পাওয়া গেছে। এই মুহূর্তে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা কঠিন।সিকিমে পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে ডাকা হয়েছে। এ ছাড়া জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীকে উদ্ধার-কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত রাখা হয়েছে। সিকিম আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জি এন রাহা বলেন, ‘নেপাল-সিকিম সীমান্তের কাছে ভূমিকম্পের উত্পত্তিস্থল হওয়ায় সিকিমের প্রভাব বেশি পড়েছে। আমরা মাত্র ক্ষয়ক্ষতির খবর পেতে শুরু করেছি।’ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, ভূমিকম্পের পর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলে সতর্ক করে দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া বিভাগের পরিচালক জি সি দেবনাথ বলেন, পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে। তেরাই ও দোরস এলাকায় ভূমিকম্প-পরবর্তী ঝাঁকুনি অনুভূত হয়েছে। সেখানে ভারী বর্ষণ হয়েছে।আবহাওয়াবিদেরা এ অঞ্চলে নতুন করে ভূমিকম্প হওয়ার আশঙ্কা করছেন। দেবনাথ বলেন, তবে এখানে শিগগিরই আবার ভূমিকম্পের আশঙ্কা নেই।