ভূমিকম্পে হেলে পড়েছে ভবন, বিভিন্ন বাড়ি, স্থাপনায় ফাটল
গত রোববারের ভূমিকম্পে রাজধানীর সূত্রাপুরে একটি চারতলা ভবন হেলে পড়েছে। ভবনটিতে বসবাসরত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ৪০০ পরিবারকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ভূমিকম্পে নীলফামারীতে সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের একটি ফটকে ফাটল ধরেছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। পঞ্চগড়ে কয়েকটি স্থাপনা ও বাড়িতে ফাটল ধরেছে। জয়পুরহাট-সান্তাহার সড়কে তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত নবাবগঞ্জ সেতুর গাইড ওয়াল ভেঙে গেছে।প্রথম আলোর ঢাকার নিজস্ব প্রতিবেদক ও ঢাকার বাইরের প্রতিনিধিদের পাঠানো খবর:ঢাকা: সূত্রাপুর থানার অদূরে ১৭/১ ওয়াল্টার রোডের চারতলা ওই ভবন হেলে পড়ে পাশের ৩৩/১ কাগজিটোলার পাঁচতলা বাড়ির ওপর। ডিসিসি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সূত্র জানায়, ভূমিকম্পের কিছুক্ষণ পর ভবনটি হেলে পড়ে। রোববার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ডিসিসি এবং এর কিছুক্ষণ পর রাজউকের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।ডিসিসি ও রাজউকের কর্মকর্তারা জানান, চারতলা ভবনটি হেলে ওই বাড়িতে ঠেকে গেছে, নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।গতকাল সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির বাসিন্দা ডিসিসির পরিচ্ছন্নতা-কর্মীদের অনেক পরিবার নিজ নিজ ঘরে রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে বাসিন্দাদের একজন অমৃতলাল বলেন, তাঁদের ভয়, ঘর ছেড়ে গেলে দীর্ঘদিনে করা সামান্য যে কটি আসবাব আছে, সেগুলো চুরি হয়ে যেতে পারে। আসবাব ও অন্যান্য মালামাল চুরির আশঙ্কায় তাঁর মতো অনেকে সারা রাত বাইরে দাঁড়িয়ে পাহারা দিয়েছেন। ভোরের দিকে ঘরে গিয়ে ঘুমিয়েছেন।দেখা যায়, ভবনের বিভিন্ন তলার নানা স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে। ভবনটি হেলে যে বাড়িতে ঠেকে আছে, সেই বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।পাঁচতলা ওই বাড়ির ভাড়াটে আবদুর রহমান বলেন, আতঙ্কে তাঁরাও রাতে ঘরের বাইরে ছিলেন। জিনিসপত্র লুটপাটের ভয়ে মাঝেমধ্যে ঘরে গেছেন। সারা রাত বাড়ির কারও ঘুম হয়নি।ডিসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আবুল হোসেন প্রথম আলোকে বলেন, চারতলা ভবনটি থেকে সবাইকে সরে যেতে মাইকিং করা হয়েছে। বিকেলের দিকে সবার চলে যাওয়ার কথা।ভূমিকম্পে শান্তিনগরে ইস্টার্ন পয়েন্টের বিপরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর ভবনটির ১৭তলা থেকে অনবরত ইট পড়ে। কাঁঠালবাগান এলাকায়ও কিছু ভবনে ফাটল ধরেছে বলে জানা গেছে।রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, শান্তিনগরের ভবনটি ছাড়াও যেসব ভবনে ফাটল ধরেছে সেগুলোয় নির্মাণ ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।নীলফামারী: পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের মেকানিক্যাল (যান্ত্রিক) বিভাগের নির্বাহী প্রকৌশলী নিখিল রঞ্জন জানান, ভূমিকম্পে তিস্তা ব্যারেজের ৩২ নম্বর গেটে ফাটল ধরেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।এদিকে নীলফামারী পৌর এলাকার হাড়োয়া গ্রামে পিডিবির ১১ হাজার কেভি লাইনের ১০টি খুঁটি ট্রান্সফরমারসহ উপড়ে পড়ে। শহরের নতুনবাজারে এমসিডিপি মার্কেটের ভবনে ফাটল দেখা দেয়। শহরের বিভিন্ন বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।পিডিবির নীলফামারীর সহকারী প্রকৌশলী মির্জা রশীদ উন-নবী প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।পঞ্চগড়: দুই দফা ভূমিকম্পে জেলা শহরের কালেক্টরেট ভবন, সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাস, সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীনিবাস ও কামাতপাড়া মসজিদে ফাটল ধরেছে। তুলারডাঙ্গা ও রাজনগরে দুটি দেয়াল ভেঙে গেছে।তুলারডাঙ্গার বাসিন্দা জনী বলেন, তাঁদের বাড়ির দেয়াল ও কয়েকটি গাছ পড়ে গেছে। দেবীগঞ্জ উপজেলার প্রাচীন গোলকধাম মন্দিরেও ফাটল সৃষ্টি হয়। তেঁতুলিয়া উপজেলা সদরের কবীর হোসেন বলেন, এ এলাকার অনেক ঘরবাড়ির দেয়ালে ফাটল ধরেছে। ভেঙে পড়েছে তেঁতুলিয়া কলেজের একটি টিনশেড ঘর ও গ্রামীণফোনের কাস্টমার কেয়ার সেন্টারের দেয়াল।ভূমিকম্পের সময় আতঙ্কে বোদা উপজেলার তুষার, আলাউদ্দিন, সালমা ও তন্বী নামের চারজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।আক্কেলপুর (জয়পুরহাট): ভূমিকম্পে জয়পুরহাট-সান্তাহার সড়কের আক্কেলপুর পৌর সদরের তুলসীগঙ্গা নদীর ওপর নির্মিত নবাবগঞ্জ সেতুর পূর্ব পাশের দক্ষিণ দিকের গাইড ওয়াল সম্পূর্ণ ভেঙে গেছে। বৃষ্টিতে রাস্তার পাশের মাটি সরে যাচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত গাইড ওয়াল দ্রুত নির্মাণ করা না গেলে সড়ক ভেঙে সারা দেশের সঙ্গে উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, নবাবগঞ্জ সেতুটি মেরামতের জন্য জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।