ভূমিকম্পের ঝুঁকি ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর জন্য দেশে কোনো ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনা নেই। এ ক্ষেত্রে জাতীয়ভাবে কোনো অগ্রাধিকারও নির্ণয় করা হয়নি। এই অবস্থায় দ্রুত নগরায়ণের সঙ্গে সঙ্গে দেশে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। কারণ অধিকাংশ ভবন নির্মাণ বিধিমালা মেনে তৈরি করা হচ্ছে না। গতকাল রোববার প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশে ভূমিকম্প: ঝুঁকি নির্ণয় ও প্রস্তুতি অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞ আলোচকেরা এ কথা বলেন। নাগরিক সংগঠন বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির সহযোগিতায় প্রথম আলো এই বৈঠকের আয়োজন করে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, গত দেড় বছরে হাইতি, চিলি ও জাপানে তিনটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। আর গত ১০ বছরে দেশের অভ্যন্তরে ১১টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের কারণে এ দেশের সাধারণ মানুষ ও নীতিনির্ধারকদের মধ্যে ভূমিকম্প বিষয়ে সচেতনতা আগের চেয়ে বেড়েছে। তিনি বলেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্পের ঝুঁকি নির্ণয় করার ক্ষেত্রে জাতিসংঘ, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে আর্থিক-সহায়তা দিয়েছে।জামিলুর রেজা চৌধুরী বলেন, ঢাকার জন্য ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান) বাস্তবায়িত না হওয়ায় এখানে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। জলাশয় ভরাট করে ভবন তৈরি করা হচ্ছে। বড় বড় শহরসহ সারা দেশে ভবন নির্মাণের সময় জাতীয় নির্মাণ বিধিমালা (বিল্ডিং কোড) এবং ইমারত নির্মাণ বিধিমালা মানা হচ্ছে না। গোলটেবিল বৈঠকের আলোচনায় অংশগ্রহণকারী প্রায় সবাই বিল্ডিং কোড এবং ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। সরকারের গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল মালেক সিকদার বলেন, ভবন তৈরির সময় অধিকাংশ ক্ষেত্রে স্থপতি ও প্রকৌশলীদের সম্পৃক্ত করা হয় না। অন্যদিকে অনেক স্থপতি ও প্রকৌশলীর ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের পর্যাপ্ত জ্ঞান নেই। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ করার কথা বলেন তিনি।অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, বাংলা-আসাম এলাকায় ভূমিকম্পের ১১০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে ২০০৭ সালে প্রথম আলো একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল। গত চার বছরে ভূমিকম্পের ঝুঁকি নির্ণয়ে বা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রস্তুতির ক্ষেত্রে অগ্রগতি কী হয়েছে তা জানা-বোঝার জন্য এবারের বৈঠকটির আয়োজন করা হয়। তিনি বলেন, ‘ভূমিকম্প হচ্ছে না, আমরা সময় পাচ্ছি। কিন্তু সময়ের সদ্ব্যবহার করছি কি না! আজ ভূমিকম্প হলে আমরা কী করব তা জানা জরুরি।’বুয়েট-জিডপাসের (বুয়েট-জাপান ইনস্টিটিউট অব ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবার সেফটি) পরিচালক অধ্যাপক মেহেদী আহম্মদ আনসারী বলেন, রাজধানীর কোনো কোনো এলাকায় ছয় থেকে ২৫ মিটার পর্যন্ত ভরাট করা জায়গায় ভবন নির্মাণ করা হচ্ছে। ভরাট করা এসব জায়গা ঝুঁকিপূর্ণ। জনবল-সংকট থাকলে ভবনের নকশা অনুমোদন, নির্মাণ তদারকি—এসব কাজ রাজউক অন্য প্রতিষ্ঠানকে দিয়ে করাতে পারে (আউটসোর্সিং)। তিনি বলেন, ঝুঁকি কমাতে মাটি পরীক্ষা থেকে শুরু করে নির্মাণ শেষে ভবন হস্তান্তর পর্যন্ত সব স্তরে পর্যবেক্ষণ ও তদারকি নিশ্চিত করা দরকার।অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জানান, সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি নির্ণয়ের চেষ্টা করা হয়েছে স্বীকৃত বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে। তিনি বলেন, ঢাকা শহরে তিন লাখ ২৬ হাজার ভবন আছে। এর মধ্যে এক লাখ ৪০ হাজার ভবনে রড ব্যবহার করা হয়নি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শহরে ভূমিকম্পের ঝুঁকিতে আছে—এমন ভবনের সংখ্যা যথাক্রমে ৭২ হাজার, এক লাখ ৪০ হাজার ও ৩০ হাজার।বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির মহাসচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক মোহাম্মদ আবু সাদেক বলেন, রাজউক প্রতিবছর প্রায় তিন হাজার ভবন নির্মাণের অনুমোদন দেয়। এর মধ্যে প্রায় এক হাজার ভবনই আইনবিধি মেনে নির্মিত হয় না। এর অর্থ হচ্ছে প্রতিবছরই ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, ভূমিকম্পের ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনা থাকা দরকার। সেই পরিকল্পনা অনুযায়ী বাজেট বরাদ্দ, ঝুঁকি নির্ণয় ও প্রস্তুতির কাজ করতে হবে। ঝুঁকি কমাতে ভবনে বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়ঃপ্রণালী, টেলিযোগাযোগ, জ্বালানি এসব ক্ষেত্রে সংযোগ যথাযথ হওয়া দরকার। তিনি বলনে, কাপ্তাই বাঁধ বা পুরাতন সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনা কত মাত্রার ভূমিকম্প সহনশীল তা জানা দরকার।মো. আলী আকবর মল্লিক বলেন, ২০১০ সালে হাইতির চেয়ে চিলির ভূমিকম্পের শক্তি ছিল বহু গুণ বেশি। কিন্তু হাইতিতে মানুষ মারা যায় তিন লাখের বেশি, চিলিতে এক হাজার। তিনি বলেন, চিলির মানুষ হাইতির চেয়ে বেশি সচেতন। চিলিতে বিল্ডিং কোড আছে, হাইতিতে নেই। তিনি বলেন, বাংলাদেশে বিল্ডিং কোড বাস্তবায়নের পাশাপাশি ভবনের সুষম পরিকল্পনার জন্য স্থপতি ও প্রকৌশলীদের আরও প্রশিক্ষণ দরকার।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক আবু নাঈম মো. শাহিদুল্লাহ জানান, ভূমিকম্প বিষয়ে মানুষকে সচেতন করার জন্য সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা হবে। ইতিমধ্যে তিন হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভূমিকম্পের সময় ভবনের কোণে অবস্থান বা টেবিলের নিচে অবস্থান নেওয়া, শুকনো খাবার ও টর্চ সঙ্গে রাখা—এসব বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভূমিকম্প হলে কোন কোন দেশ আমাদের সহায়তা করবে, সে ব্যাপারে সমঝোতা স্মারক সই হওয়া দরকার। বিমানবন্দর, হাসপাতাল ধ্বংস হলে বিকল্প ব্যবস্থা, জরুরি খাবার পানি, গ্যাসের ব্যবস্থা করা—এসব হাতে-কলমে করতে পারলেই বলা যাবে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির অগ্রগতি হয়েছে।জামিলুর রেজা চৌধুরী বলেন, দেশের ৯০ শতাংশ ভবন নির্মাণে স্থপতি বা প্রকৌশলীদের সংশ্লিষ্টতা থাকে না। তিনি বলেন, মালিক ও মিস্ত্রিদের ব্যবহারের জন্য আর্থকোয়েক সোসাইটি থেকে একটি নির্দেশিকা তৈরি করা হয়েছে। এটার ব্যবহার বাড়ানো দরকার।