ভূমিকা না থাকলে পদে থেকে কী লাভ: সাইফুর
বিগত চারদলীয় জোট সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে নিজের পরামর্শ উপেক্ষিত হওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তিনি বলেছিলেন, ‘পদে কেন থাকব, যদি চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে আমার কোনো ভূমিকা না থাকে?’২০০৬ সালে ঢাকায় কর্মরত এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি হুয়া দু মার্কিন কর্মকর্তাসহ অন্যদের সাইফুরের এ হতাশার কথা জানান। মার্কিন রাষ্ট্রদূতের পাঠানো এক কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে।উইকিলিকসের ফাঁস করা ওই তারবার্তা অনুযায়ী, ২০০৬ সালের ৫ জুন ঢাকায় এডিবির প্রতিনিধি হুয়া দুর বাসভবনে তড়িঘড়ি করে এক বৈঠক ডাকা হয়। এতে অংশ নেন ইউএসএআইডির মিশনপ্রধান, বিশ্বব্যাংকের প্রতিনিধি ক্রিস্টিন ওয়ালিক, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি জোনাথন ডান ও ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ব্রিজেস। এ বৈঠকে অর্থমন্ত্রী সাইফুর রহমানের সঙ্গে তাঁর আগের দিনের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন হুয়া দু। রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসের পাঠানো তারবার্তায় বলা হয়, নীতিনির্ধারণী প্রক্রিয়ায় নিজের মতামত উপেক্ষিত হওয়ায় সাইফুর রহমান হতাশ হয়ে পড়েছেন বলে জানান এডিবির প্রতিনিধি হুয়া দু। জ্বালানির দাম নির্ধারণ, জ্বালানি আমদানির অর্থসংস্থানে ঋণ গ্রহণের নীতি, টাটার বিনিয়োগ ও এশিয়া এনার্জির কয়লা প্রকল্পের প্রস্তাবে অগ্রগতির অভাব এবং আসন্ন বাজেটসহ বিভিন্ন বিষয়ে হতাশা প্রকাশ করেন সাইফুর রহমান।সাইফুর রহমান বলেন, তিনি বাজেট ঘাটতি হ্রাসের লক্ষ্যে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য বারবার বলেছিলেন। কিন্তু খালেদা জিয়া তাঁর কথা না শুনে ‘অন্যদের কথা’ শোনেন।টাটার বিনিয়োগ প্রস্তাবের বিষয়ে সাইফুর রহমান বলেন, টাটা যে গ্যাস কিনবে, তার দাম এখনো নির্ধারিত হয়নি। তবে সার্বিকভাবে প্রস্তাবটি ভালো। এ বিষয়ে অগ্রসর হওয়া প্রয়োজন। কেননা, এতে করে দেশের অর্থনীতি লাভবান হবে।বাংলাদেশের ওপর দিয়ে মিয়ানমার-ভারত গ্যাস পাইপলাইন তৈরির প্রস্তাবটি কাজে লাগাতে না পারায়ও হতাশা প্রকাশ করেন সাইফুর রহমান।অর্থমন্ত্রী জানান, সম্প্রতি গৃহীত দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) আলোকেই তিনি আসন্ন বাজেট তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তেমন সফল হতে পারেননি। কেননা, রাজনৈতিক অনেক শক্তি তাঁর বিরুদ্ধে। তিনি জানান, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা (এডিপি) ৩০ শতাংশ কাটছাঁট করতে চেয়েছিলেন, কিন্তু বাধ্য হয়েছেন ঠিক তার উল্টোটি করতে। অর্থাৎ এডিপি বাড়াতে হয়েছে ৩০ শতাংশ। যদিও এই বিশাল ব্যয় মোকাবিলার জন্য পর্যাপ্ত অর্থ রাজস্ব খাত থেকে পাওয়া যাবে না।তারবার্তায় আরও বলা হয়, এ সময় বাংলাদেশের আসন্ন বাজেটকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন বলে আখ্যা দেন আইএমএফের আবাসিক প্রতিনিধি জোনাথন ডান।এই অবস্থায় তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী, জানতে চাইলে হুয়া দুকে সাইফুর রহমান বলেন, ‘আমি কেন থাকব, যদি চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে আমার কোনো হাত না থাকে?’তারবার্তার শেষ পর্যায়ে দূতাবাস মন্তব্য করে, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের অনুসারী দলের তরুণ তুর্কিদের কারণে সাইফুর রহমান কোণঠাসা হয়ে পড়েছেন।