পুরান ঢাকার অপরাধজগতের গডফাদার শহীদ কমিশনারের (ডাকাত শহীদ নন) হাত ধরে উত্থান ঘটে নাজিম উদ্দিন চেয়ারম্যানের। পেশাদার খুনিদের সঙ্গে ঘনিষ্ঠতাকে পুঁজি করে বাজারের তোলা (খাজনা) আদায়কারী থেকে শতকোটি টাকার মালিক হয়েছেন চতুর্থ শ্রেণী পাস নাজিম উদ্দিন। আবাসন ব্যবসার নামে ভূমিদস্যুতায় নেমে তিনি দেশের বড় আবাসন কোম্পানির জমি কেনাবেচায় জড়িয়েছেন। বিনিয়োগ করেছেন চলচ্চিত্রশিল্পেও।সম্প্রতি ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ও যুবদল ঢাকা (দক্ষিণ) সভাপতি আহাম্মদ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন নাজিম উদ্দিন (৫৩)। ওই হত্যায় জড়িত শহীদুল ইসলাম ওরফে বিদ্যুতের জবানবন্দির সূত্রে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমকে গ্রেপ্তার করে পুলিশ। দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে ৭ এপ্রিল আবার তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে নাজিমের দেওয়া তথ্য ও প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে নাজিমের উত্থানের কাহিনি।নাজিমের শুরু: স্থানীয় লোকজন, পারিবারিক সূত্র ও রিমান্ডে নাজিমের দেওয়া তথ্যে জানা যায়, কেরানীগঞ্জের হাসনাবাদ গ্রামের আনোয়ার আলীর ছেলে নাজিমকে জিয়াউর রহমানের শাসনামলে সৌদি আরবে পাঠান তাঁর বড় ভাই শাহ আলম। নয় মাস পর তিনি দেশে ফিরে আসেন। পরে তাঁকে জুরাইনের নতুন বাজারে খাজনা আদায়ের কাজ দেন শাহ আলম। তাঁরা দুই ভাই একটা-দুটো করে রিকশা কিনে ভাড়া দেওয়া শুরু করেন। পুলিশ সূত্র জানায়, রিমান্ডে নাজিম বলেছেন, এরশাদ সরকার আমলে পোস্তগোলা সেতু নির্মাণের সময় চীনা কর্মীদের কুকুর সরবরাহ করে খাতির করেন এবং একপর্যায়ে তিনি সেতুর কাজে বাঁশ সরবরাহের কাজ পান। তাতে পৌনে দুই লাখ টাকা লাভ হয়। ১৯৮৮ সালের বন্যার পরপর তিনি দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় রাস্তায় মাটি ভরাটের কাজ পান। তাতে তিনি লাভ করেন তিন লাখ টাকা। কিছুদিন পর যুক্ত হন ঘাট ব্যবসায়। পোস্তগোলা সেতুর কাছাকাছি ইজারা নেওয়া ১০-১১ বিঘা জমি মাটি ভরাট করে ৪৫টি গদিঘর তৈরি করেন। প্রতিটি গদিঘর থেকে তিন লাখ টাকা জামানত নিয়ে মাসে ছয় হাজার টাকা করে ভাড়া দেন। এই ব্যবসার নিয়ন্ত্রণ ঠিক রাখতে স্থানীয় ছ্যাঁচড়া সন্ত্রাসীদের লালন-পালন শুরু করেন। এরই মধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ ঘটে পুরান ঢাকার অপরাধজগতের গডফাদার শহীদ কমিশনারের।ভূমিদস্যুতা: স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নব্বইয়ের দশকের শুরুতে নাজিম আবাসন ব্যবসার নামে ভূমিদস্যুতায় নামেন শহীদ কমিশনারের হাত ধরে। জড়িয়ে পড়েন অপরাধজগতেও। নাজিম, শহীদ কমিশনার, মোবারক কমিশনার ও পুরান ঢাকার ব্যবসায়ী গনি শিকদার মিলে প্রথম আবাসন প্রকল্প করেন কেরানীগঞ্জে নাজিমের নিজ এলাকায়। নাম দেন হাসনাবাদ হাউজিং লি.। রিমান্ডে নাজিম জানান, এ প্রকল্পে সাড়ে চার কোটি টাকা লাভ হলেও তাঁকে শহীদ কমিশনার মাত্র ২৫ লাখ টাকা দেন। কিন্তু এ নিয়ে বিরোধে যাওয়ার সাহস করেননি তিনি। এরপর নাজিম একই এলাকায় আরেকটি আবাসন প্রকল্প করেন। এতেও শহীদ কমিশনারকে অংশীদার রাখতে বাধ্য হন। এ প্রকল্পে ১২-১৩ কোটি টাকা লাভ করেন তাঁরা। বসুন্ধরার সঙ্গে ব্যবসা: নাজিম চেয়ারম্যান বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট ডেভেলপমেন্ট কোম্পানির অধীন রিভারভিউ প্রকল্পের জন্য জমি কেনায় যুক্ত হন। গত সোমবার ওই এলাকায় গেলে নাইয়াটোলা গ্রামের মিজান মিয়া জানান, বিএনপির আমলে নাজিম চেয়ারম্যানের চাপে পড়ে স্থানীয় অনেকে জমি বিক্রি করতে বাধ্য হন। বসুন্ধরার প্রকল্পের জায়গা ভরাট করাও হয় নাজিমের মাধ্যমে।আইন্তা গ্রামের ফজর আলী বলেন, ‘নাজিম চেয়ারম্যানের লোকজন হঠাৎ আমাদের জমিতে মাটি ভরাট শুরু করে। জিজ্ঞাসা করলে বলে জমি তাদের কাছে বিক্রি করে দিতে হবে, নইলে জমির আশা ছাড়তে হবে। আমরা বাধ্য হয়ে জমি বিক্রি করি।’তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জিজ্ঞাসাবাদে নাজিমও জানিয়েছেন, ২০০২ সালে বসুন্ধরা গ্রুপ কেরানীগঞ্জ এলাকায় আবাসন প্রকল্প শুরু করে। বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের বন্ধু আবুল বাশার (বাড়ি মুন্সিগঞ্জ) ছিলেন প্রকল্পের তত্ত্বাবধায়ক। কিন্তু বসুন্ধরার নাম শুনে ভয়ে এলাকার কেউ জমি দিতে রাজি হননি। একপর্যায়ে বাশারের মাধ্যমে বসুন্ধরার মালিক শাহ আলম ডেকে পাঠান নাজিমকে। এটা ২০০২ সালের ইউপি নির্বাচনের কয়েক দিন পরের ঘটনা। নাজিম সেনাকল্যাণ ভবনে বসুন্ধরার মালিক শাহ আলমের কার্যালয়ে যান। ১২৫ কোটি টাকার জমি ক্রয়: জিজ্ঞাসাবাদে নাজিম বলেছেন, প্রথম বৈঠকে বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম কেরানীগঞ্জে তাঁদের আবাসন প্রকল্পের জন্য জমি বেচাকেনার কাজে সম্পৃক্ত হতে নাজিমকে প্রস্তাব দেন। তাঁদের মধ্যে এ নিয়ে লিখিত চুক্তি হয়। চুক্তি সইয়ের পর শাহ আলমের নির্দেশে তাঁর তৃতীয় ছেলে তানভীর এক কোটি টাকার চেক দেন নাজিমকে। অগ্রণী ব্যাংকের পোস্তগোলা শাখা থেকে ওই চেক জমা দিয়ে টাকা উত্তোলন করেন নাজিম। এরপর তিনি ইকুরিয়া মহাসড়কের পাশে কার্যালয় খুলে জমি কেনা শুরু করেন। বসুন্ধরার এই প্রকল্পের জন্য কেরানীগঞ্জের নাইয়াটোলা, ইকুরিয়া, বেড়া, আইন্তা, দোলেশ্বর এলাকায় মোট ১২৫ কোটি টাকার জমি নাজিম কিনে দেন এবং তাতে তাঁর প্রায় ২৫ কোটি টাকা লাভ হয় বলে তিনি পুলিশকে জানান। নাজিমের দাবি, ওই প্রকল্পে ৭০০ বিঘা জমির মাটি ভরাটকাজও তিনি করেছেন। এ বাবদ তিনি এখনো বসুন্ধরার কাছে ২৩ কোটি টাকা পাওনা আছেন। তবে বসুন্ধরার চেয়ারম্যান তাঁকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। বসুন্ধরা আবাসিক এলাকার এ-ব্লকের ৩ নম্বর সড়কের ১৬১/১৬২ অ্যাপার্টমেন্টের ৬/১ ফ্ল্যাটটিতে নাজিমের তৃতীয় স্ত্রী থাকেন। নাজিমের বিভিন্ন ব্যবসায় অংশীদার ছিলেন গত ৯ ফেব্রুয়ারি খুন হওয়া আহাম্মদ কাউন্সিলর। আর ব্যবসায়িক বিরোধের জের ধরেই আহাম্মদ খুন হয়েছেন বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। ইতিমধ্যে সন্ত্রাসী বিদ্যুৎ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, এ খুনের জন্য নাজিম চেয়ারম্যান ডাকাত শহীদকে ৫০ লাখ টাকা দিয়েছেন। রিমান্ডে নাজিম চেয়ারম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে এ হত্যা মামলায় বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নোটিশ দেয়। নোটিশে বলা হয়, এ খুনের ঘটনায় অর্থায়নকারী নাজিম জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যেগুলো যাচাইয়ের জন্য বসুন্ধরার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আজ রোববার বেলা ১১টায় শাহ আলমকে ডিবি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নাজিম জানিয়েছেন যে নিহত আহাম্মদ ও তাঁর ভাইদের মালিকানাধীন পাক বাংলা হাউজহোল্ড নামে এলপি গ্যাসের সিলিন্ডার তৈরির কারখানাটি নাজিমের প্ররোচনায় বসুন্ধরা কেনার প্রস্তাব দেয়। আহাম্মদ এতে রাজি না হওয়ায় বিরোধের সৃষ্টি হয়।অবশ্য বসুন্ধরা গ্রুপের মুখপাত্র (মিডিয়া অ্যাডভাইজার) মোহাম্মদ আবু তৈয়ব ইতিপূর্বে প্রথম আলোকে বলেছেন, নিহত ব্যক্তির সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবসায়িক সম্পর্ক নেই, কোনো লেনদেনও ছিল না। তাঁর সঙ্গে দ্বন্দ্ব থাকারও কোনো কারণ নেই।আহাম্মদ হত্যা মামলার তদন্ত তদারককারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এই হত্যার ঘটনায় সরাসরি জড়িত প্রায় সবাই শনাক্ত হয়েছে। এর মধ্যে হত্যায় ব্যবহূত পিস্তলটি উদ্ধার এবং মূল ঘাতকসহ (শ্যুটার) সাতজন গ্রেপ্তার হয়েছে। এ হত্যার নেপথ্যে আরও কেউ আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।জমির জন্য খুনখারাবি: পুলিশসহ কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আবাসন ব্যবসার নামে জোরপূর্বক মানুষের জমি অল্প দামে কিনে নেওয়া হয়েছে এবং তাতে বিভিন্ন সময় খুনের ঘটনাও ঘটেছে। কিন্তু ওই সবের দায় পড়েছে কোনো না কোনো পেশাদার খুনির ঘাড়ে। যার ফলে বেশির ভাগ ঘটনার মামলায় নাজিমের নাম নেই। নাজিমের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পাঁচটি মামলা আছে, যার দুটি হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে। এ থানার কর্মকর্তারা জানান, কেরানীগঞ্জের পুরোনো থানায় (বর্তমান মডেল থানা) নাজিমের বিরুদ্ধে বেশি মামলা রয়েছে।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, নাজিমের বিরুদ্ধে ২০০৬ সালের পরে এই থানায় মামলা হয়নি। আগের মামলার হিসাব তাঁর জানা নেই।পুলিশ সূত্র জানায়, অপরাধজগতের সঙ্গে যোগাযোগের বিষয়টি নির্বিঘ্ন রাখতে নাজিম প্রতি মাসে মোবাইল ফোনের সিম পাল্টাতেন। গত তিন মাসে পাঁচবার মোবাইল ফোন নম্বর পাল্টান। তিনি সঙ্গে লাইসেন্স করা পিস্তল নিয়ে ঘুরতেন। গাড়িতে থাকত শটগান। দুটি অস্ত্রই পুলিশ জব্দ করেছে।