সরকার ঘোষিত বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে এক গোলটেবিল বৈঠকে। ঢাকার চারপাশের দখল করা জলাভূমি থেকে ভূমিদস্যুদের অবিলম্বে উৎখাত, জমি দখল করে ভরাটকারী ব্যক্তিদের অশালীন, ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য বিচারের দাবিও জানানো হয়। আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড্যাপ-বিষয়ক বিভ্রান্তি নিরসনে ‘ড্যাপ: গণবিরোধী, নাকি জনকল্যাণকর?’ শীর্ষক এক গোলটেবিল সভায় এ দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও নগর গবেষণাকেন্দ্র (সিইউএস) যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বাপার সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার নগরায়ন ও সুশাসন প্রোগ্রাম কমিটির সদস্যসচিব স্থপতি ইকবাল হাবিব। মোজাফফর আহমদ বলেন, লেক-জলাধার দখল ও অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকা মহানগর আজ বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও একটি গোষ্ঠী ‘ড্যাপ’ বাস্তবায়নে বিরোধিতা করছে এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যা খুবই দুঃখজনক। তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশকে ঠিক রেখে পরিকল্পনা করতে হবে, আর এই পরিকল্পনা মেনে নেওয়া সবার নৈতিক দায়িত্ব। বিচারপতি গোলাম রাব্বানী বলেন, দেশের বৃহত্তর স্বার্থে, মহানগরবাসীর নিরাপত্তার স্বার্থে, একটি বসবাসযোগ্য রাজধানী নির্মাণ নিশ্চিত করার প্রয়োজনে ‘ড্যাপ’ বাস্তবায়ন জরুরি। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান বলেন, ঢাকাকে রক্ষা করতে হলে ‘ড্যাপ’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ড্যাপ নিয়ে যাঁরা অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের ব্যাপারে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ হতে হবে।সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ‘ড্যাপ’ যখন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সরকারি দলের কিছু জনপ্রতিনিধিই ড্যাপের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে এবং অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছে। স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ঢাকা মহানগরের চারপাশের নদী-জলাশয়গুলোকে সামান্য স্বার্থের জন্য একটি গোষ্ঠী ধ্বংস করে ফেলেছে। এই দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।অধ্যাপক সারওয়ার জাহান বলেন, ড্যাপ বিষয়ে একটি গোষ্ঠী যে অপপ্রচার চালাচ্ছে, তা সঠিক নয়। তিনি বলেন, দেশের স্বনামধন্য নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞ নিয়ে গঠিত ‘ড্যাপ’ বিষয়ক রিভিউ কমিটি সবকিছুর ঊর্ধ্বে। তাঁরা জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি বসবাসযোগ্য পরিকল্পিত মহানগর গড়ার লক্ষ্যেই সরকারের কাছে সুপারিশমালা তুলে ধরেছেন। এর আলোকেই ড্যাপ বাস্তবায়ন জরুরি।বৈঠকে অন্যদের মধ্যে গবেষক সৈয়দ আবুল মকসুদ, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, সুজনের সদস্যসচিব বদিউল আলম মজুমদার, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বেন-এর সদস্য দিপেন ভট্টাচার্য, সিইউএসের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাজেম, বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন প্রমুখ।