ভূমিদস্যুদের কারণে ঢাকায় সুপেয় পানি সরবরাহ কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিদস্যুরা অপরিকল্পিতভাবে নদী-খাল ভরাট করে দিয়ে সুপেয় পানির উত্স কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন খোদ পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।মন্ত্রী বলেন, অতিরিক্ত জনসংখ্যার চাপে রাজধানীতে জমি কমছে। পাশাপাশি ভূমিদস্যুরা ঢাকার চারপাশের নদী-খাল দখল ও ভরাট করে পানির স্বাভাবিক সরবরাহে বিঘ্ন সৃষ্টি করছে।আজ শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ওয়াটার ইনটিগ্রিটি নেটওয়ার্ক (বাউইন) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী এ অভিযোগ করেন। এই সংগঠনটি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি অঙ্গ সংগঠন। মূলত পানি খাতে সামগ্রিকভাবে স্বচ্ছতা নিশ্চিত করতে টিআইবির অনুপ্রেরণায় গঠিত হয়েছে বাউইন।আলোচনা সভায় ‘ঢাকা শহরের পানি সরবরাহ: ধারণা এবং বাস্তবতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাউইনের সদস্য এবং জল পরিবেশ ইনস্টিটিউটের নির্বাহী সভাপতি ম ইনামুল হক এবং ‘ঢাকা শহরে পানি সরবরাহে সততা ও স্বচ্ছতা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাউইনের সদস্য এবং ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আজহারুল হক।মন্ত্রী আরও বলেন, ভূ-অভ্যন্তরস্থ পানির পরিমাণ কমে যাওয়ার কারণে ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। সরকার ভূমির উপরিভাগের পানির উচ্চতাকে বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ—যেমন: ১৬২ কিলোমিটার নদীখননের উদ্যোগ নিয়ে এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলে জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এস ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, ভূগর্ভস্থ পানি (গ্রাউন্ড ওয়াটার) এখন আর সরবরাহের জন্য যথেষ্ট নয়। ঢাকা শহরে পানি সরবরাহের জন্য গ্রাউন্ড ওয়াটার থেকে সারফেস ওয়াটারের (ভূমির উপরিভাগের পানির) দিকে গুরুত্ব দিতে হবে। অন্যদিকে বিদ্যুতের অপর্যাপ্ততা বা লোডশেডিংয়ের জন্য প্রয়োজনমতো পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।এ ছাড়া পর্যাপ্ত সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট ছাড়া পানি সরবরাহ ক্রমেই অসাধ্য উল্লেখ করে উপব্যবস্থাপনা পরিচালক বলেন, বেশি পরিমাণে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন বলে জানান তিনি।সঞ্চালক হিসেবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ক্রমবর্ধমান চাহিদার তুলনায় পানি সরবরাহের ঘাটতির কারণে অনিয়মের সুযোগ তৈরি হয়। পাশাপাশি একশ্রেণীর প্রভাবশালী গ্রাহকদের পানি অপচয়ের কারণে দরিদ্র ও সুবিধাবঞ্চিত লোকজন প্রয়োজনীয় পানিপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়। তিনি পানিসহ সব ধরনের সেবার মানোন্নয়নে স্বচ্ছতা, সততা ও জবাবদিহির বিকল্প নেই মন্তব্য করেন। এ ছাড়া প্রস্তাবিত জাতীয় পানি আইন প্রণয়নের আগে খসড়া আইনটি জনসমক্ষে প্রকাশ ও সংশ্লিষ্ট অংশীদারদের মতামত নিয়ে এগোনোর পরামর্শ দেন তিনি। এ ক্ষেত্রে গণশুনানির আয়োজন করা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।বিভিন্ন আলোচকের বক্তব্যে উঠে আসা সুপারিশগুলো হচ্ছে, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের অভিযোগ প্রমাণসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চ্যালেঞ্জকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পানি সরবরাহ কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন, সব ধরনের নদী ও জলাশয় দখলবাজি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া ও তার যথোপযুক্ত বাস্তবায়ন, জাতীয় পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন নীতিমালা ১৯৯৮ ও জাতীয় পানিনীতি ১৯৯৯-এর কার্যকর বাস্তবায়ন, সরকারি ক্রয়-বিক্রয় বিষয়ে সব সিদ্ধান্ত জনসমক্ষে স্বপ্রণোদিত প্রকাশ প্রভৃতি।আলোচনা সভায় বাউইনের সদস্যসহ ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।