রাজধানীর খাসজমিতে অবস্থিত হাজারীবাগ খালটি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভূমি জরিপে হাজারীবাগ মৌজার সিএস, আরএস ও এসএ রেকর্ডে অস্তিত্ব থাকলেও মহানগর জরিপে এই খালের কোনো অস্তিত্বই নেই। দখলদারেরা নিজ নামে খালটি লিখে নিয়েছেন।জেলা প্রশাসন সূত্র বলছে, সর্বশেষ মহানগর জরিপে হাজারীবাগ খালের কোনো অস্তিত্ব নেই। যদিও হাজারীবাগ মৌজার তিনটি ভূমি জরিপ অনুযায়ী খালটি খাসজমিতে অবস্থিত একটি প্রবহমান সরকারি খাল। কিন্তু সর্বশেষ মহানগর ভূমি জরিপে দেখা যায়, খালটি অবৈধ দখলদারেরা নিজ নামে রেকর্ড করে নিয়েছেন।মাত্র সাত মাস আগে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এই খালের ওপর ত্রাণের ২০ লাখ টাকা ব্যয়ে অকারণে একটি কালভার্ট নির্মাণ করেছে। এখন কালভার্টটি পরিত্যক্ত হয়ে আছে, কিন্তু খালের ওপর বহুতল ভবন নির্মাণ করা হয়ে গেছে। চারদিকে কোথাও খাল আর খুঁজে পাওয়া যায় না।প্রথম আলোর সরেজমিন অনুসন্ধানে এই খাল দখলের পেছনে হাজারীবাগ এলাকার স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুর একটি দল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা এবং ধানমন্ডি সার্কেলের অধীন লালবাগ (তহিশল অফিস) ভূমি কার্যালয়ের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশের প্রমাণ মিলেছে। জেলা প্রশাসনের ভূমি কর্মকর্তাদের (এসএ শাখার) তদন্তেও এই অনিয়ম বেরিয়ে এসেছে।ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) তালিকা ও নকশায়ও খালটি খাসজমি হিসেবে চিহ্নিত। এ ব্যাপারে স্থানীয় ৫৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান ভূমিদস্যুদের দায়ী করে বলেন, দখলদারেরা নিজেদের নামে খাসজমি রেকর্ড করে আদালতে একাধিক সাজানো মামলা দায়ের করেছেন। এই মামলাগুলোকে তাঁরা দখলের হাতিয়ার হিসেবে এখন ব্যবহার করছেন।জেলা প্রশাসন সূত্র জানায়, টাস্কফোর্স এক মাসের মধ্যে যে পাঁচটি খাল উদ্ধারের ঘোষণা দিয়েছিল, তার একটি হচ্ছে এই হাজারীবাগ খাল। এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মহিবুল হক বলেন, ‘হাজারীবাগ খালটি আগে খুঁজে বের করতে হবে। এটি তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখন কাগজ ঠিকঠাক করে উদ্ধার করতে হবে।’ভূমি অধিদপ্তরের কাজ: জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, হাজারীবাগ খালটি ব্রিটিশ আমলে পরিচালিত ভূমি জরিপ (সিএস), পাকিস্তান আমলের জরিপ (এসএ) এবং বাংলাদেশের হাল জরিপে (আরএস) এটি সরকারি খাস খতিয়ানের একটি খাল। কিন্তু সর্বশেষ মহানগর জরিপে (১৯৯৭-২০০৫) খালের অস্তিত্বই নেই। এই জরিপে সব ব্যক্তিমালিকানার জমি হয়ে গেছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর মহানগরে ১৯৯৭ সাল থেকে মহানগর জরিপ শুরু করে। জরিপ শেষ হয় ২০০৫ সালে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তারা এই সময়কালে খাসজমির খালটি ভূমিদস্যুদের নামে রেকর্ড করে দিয়েছেন। জেলা প্রশাসনের কানুনগো এম এ মান্নান সিকদার প্রথম আলোকে বলেন, ‘সিএস রেকর্ডে যে জমি খাল হিসেবে চিহ্নিত এবং খাসজমি, সেটি ব্যক্তিমালিকানায় রেকর্ড করার কোনো সুযোগ নেই। এটি স্পষ্ট বোঝা যায়, এখানে দুর্নীতি হয়েছে। যাঁরা এই জরিপ ও রেকর্ডের কাজ করেছেন, অপকর্মটি তাঁরাই করেছেন।’হাজারীবাগ খাল: ওয়াসার সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত টিকে থাকা তালিকাভুক্ত ২৬টি খালের একটি হচ্ছে হাজারীবাগ খাল। ওয়াসার তথ্য অনুযায়ী, খালটি তিন কিলোমিটার দীর্ঘ এবং সর্বনিম্ন ছয় মিটার থেকে ১৮ মিটার পর্যন্ত প্রশস্ত।সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালটির চিহ্ন কোথাও খুঁজে পাওয়া যায় না। হাজারীবাগের মাজার বটতলা এলাকায় খালের এক অংশ পুকুরের মতো হয়ে আছে। বেড়িবাঁধের অংশে খালটি একটি নর্দমার মতো দেখায়। খালের দীর্ঘ দুই কিলোমিটার এলাকায় এখন বহুতল ভবন, মার্কেট, টংঘর ও আধাপাকা দেড় শতাধিক অবৈধ স্থাপনা। স্থানীয় ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির জানান, খালটি ট্যানারি শিল্পকারখানা ও আবাসিক এলাকার মধ্য দিয়ে বুড়িগঙ্গার শাখা নদীকে সংযোগ করেছে।ওয়াসা সূত্র জানিয়েছে, ২০০৭ সালে খালটি নিয়ে একটি জরিপ করা হয়েছে। ওই জরিপে খালের ওপর অবৈধভাবে ৮০টি কাঁচা ঘর, ২৫টি দোকান, ছয়টি দ্বিতল ভবনের বর্ধিত অংশ, পাঁচটি ট্যানারিসহ মোট ১১৭টি অবৈধ স্থাপনা ছিল। ডিসিসি ও জেলা প্রশাসন ২০০৩ ও ২০০৭ সালে এসব উচ্ছেদও করেছে। কিন্তু দেখা যায়, এর কোনো নমুনাই এখন নেই। দখলদারেরা খালটি সম্পূর্ণ গ্রাস করে ফেলেছেন।দখলদার যাঁরা: স্থানীয় আঞ্চলিক কার্যালয় ও স্থানীয় কাউন্সিলরের সঙ্গে সমন্বয় করে ডিসিসি এই খাসজমির অবৈধ দখলদারদের একটি তালিকা করেছে। এই তালিকায় দেখা গেছে, দখলদারদের মধ্যে রয়েছেন হাজারীবাগ এলাকার ২১ নম্বর গজমহলের মোহাম্মদ মোক্তার হোসেন ও মোহাম্মদ মহিউদ্দিন, ৯১ নম্বরের মোহাম্মদ সামসুল হুদা, গজমহলের মোহাম্মদ আজাদ গং, হাজারীবাগের ১৬/১ নম্বর শিকারীটোলা লেনের আব্দুস সামাদের সামিনা ট্যানারি প্রাইভেট লিমিটেড ও শিকারীটোলা লেনের ১৬/২ নম্বরের মোহাম্মদ নুরুল আলমের প্রগতি লেদার কমপ্লেক্স।এই দখলদারদের বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান বলেন, তালিকাভুক্ত দখলদারেরা সবাই ভূমিদস্যু। তাঁদের হাত থেকে তিনি খালের ১৩টি দাগের খাসজমি উদ্ধার করেছেন। তবে তাঁরা এত প্রভাবশালী যে খাল দখলমুক্ত করতে পারেননি। দখলদারদের বিষয়ে ধানমন্ডি সার্কেলের লালবাগ ভূমি কার্যালয়ের (তহিশল অফিস) সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলমাজ হোসেন খান বলেন, যেটি সিএস রেকর্ডে খাসজমি, সেটি খাস। এতে এখন যাঁরা আছেন, সবাই অবৈধ দখলদার।এ ব্যাপারে জেলা প্রশাসক মহিবুল হক বলেন, খালটির রেকর্ড সংশোধনের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। কাগজপত্র ঠিক করা হচ্ছে। এগুলো ঠিক করেই অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করা হবে।