আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্ত প্রতিমন্ত্রী
ভূমিদস্যুদের রিহ্যাব থেকে বের করে দেওয়ার পরামর্শ
ভূমিদস্যু ও দুর্বৃত্তদের রিহ্যাব থেকে বের করে দেওয়ার পরামর্শ দিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।দু-একজন দুর্বৃত্তের জন্য পুরো আবাসন খাতের ব্যবসায়ীদের মুখে কালিমা লেপন হচ্ছে মন্তব্য করে তিনি এসব দুর্বৃত্তের দায়ভার রিহ্যাব সদস্যদের না নেওয়ার পরামর্শ দেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার কোনো ভূমিদস্যু ও দুর্বৃত্তের কাছে মাথা নত করবে না। খাল-বিল, নদী-নালা, ডোবা-জলাশয় ভরাট করে কাউকে স্বর্গরাজ্য বানাতে দেওয়া হবে না। এ দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। হুমকি দিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে কোনো কাজ আদায় করা যাবে না।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ‘রিহ্যাব ফেয়ার ২০০৯’ শীর্ষক জমি ও ফ্ল্যাটের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার এসব কথা বলেন।রাজধানীর শেরাটন হোটেলের উইন্টার গার্ডেন ও টেনিস কোর্ট এলাকায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ২৬৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ২৬২টি জমি উন্নয়ন ও বাড়ি নির্মাতা এবং ছয়টি আর্থিক প্রতিষ্ঠান।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সদস্য নসরুল হামিদ ও সাংসদ এনামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিহ্যাবের সভাপতি তানভীরুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ জুয়েল মোল্লা ও সহসভাপতি সাঈদ নজরুল প্রমুখ।আব্দুল মান্নান খান বলেন, ঢাকা মহানগরের আবাসন-সংকট কাটাতে সরকার রাজধানীর আশপাশে চারটি উপশহর স্থাপনের চিন্তাভাবনা করছে। সরকারি খাসজমি উদ্ধার করে বেসরকারি খাতের ডেভেলপারদের সঙ্গে অংশীদারির ভিত্তিতে এ উপশহরগুলো স্থাপন করা হবে।প্রতিমন্ত্রী আরও বলেন, আবাসন খাতের ব্যবসায়ীদের দু-একজন সমাজে ভূমিদস্যু হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। তাঁদের কেউ কেউ পত্রিকার মালিক হয়ে একে অপরের বিরুদ্ধে কুত্সাও রটাচ্ছেন। এঁদের দায়ভার কাঁধে না নিয়ে তাঁদের বিরুদ্ধে রিহ্যাবকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।আব্দুল মান্নান খান আবাসন ব্যবসায়ীসহ বিভিন্ন পক্ষের চাপ প্রসঙ্গে বলেন, ‘আমি যখন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসি, তখন মনে হয়েছিল আগ্নেয়গিরির লাভার মধ্যে বসে আছি। নানা ধরনের অসুবিধার মধ্যে কাজ করতে হয়েছে।’ প্রতিমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। রাজউকেও নানা ধরনের দুর্নীতির দুর্গন্ধ রয়েছে। রাজউক থেকে নকশা অনুমোদনের প্রক্রিয়া সহজ করা হবে বলে তিনি জানান।নসরুল হামিদ বলেন, বর্তমানে উচ্চশিক্ষিতরা আবাসন ব্যবসা করছেন। তাঁরা রিহ্যাবের সদস্য। ফলে কেউ ইচ্ছে করে নিজের ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে চান না। তিনি আরও বলেন, দেরিতে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার মতো অভিযোগ ছাড়া রিহ্যাব সদস্যদের বিরুদ্ধে তেমন কোনো গুরুতর অভিযোগ কেউ করতে পারবেন না। তিনি রাজউককে ব্যবসায়িক ভূমিকা ছেড়ে দিয়ে কেবল নিয়ন্ত্রকের ভূমিকা পালন করার আহ্বান জানান।তানভীরুল হক বলেন, অনিয়মের জন্য জনশক্তি ব্যবসায়ী ও বেসরকারি ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ফৌজদারি আইনে সাজা দেওয়ার বিধান নেই। অথচ ইমারত নির্মাণ বিধিমালায় আবাসন খাতের ব্যবসায়ীদের জন্য প্রণীত আইনে সাজার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি নীতিমালা ভঙ্গ করার জন্য ফৌজদারি আইনে সাজার পরিবর্তে ডেভেলপারদের জন্য জরিমানার বিধান রাখার প্রস্তাব করেন।অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে ৫০ টাকা। তবে পাঁচ দিনের টিকিটের মূল্য ১০০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শক-ক্রেতাদের জন্য মেলা খোলা থাকবে। এবারও প্রবেশ টিকিট বিক্রির মাধ্যমে পাওয়া অর্থের সবটাই দুস্থদের সাহায্যার্থে দান করবে রিহ্যাব।রিহ্যাব সভাপতির বক্তব্য: ভূমিদস্যু ও দুর্বৃত্তদের রিহ্যাব থেকে বের করে দেওয়ার পরামর্শ সম্পর্কে সংগঠনের সভাপতি তানভীরুল হক প্রথম আলোকে বলেন, সদস্যদের জন্য রিহ্যাবের একটি নিজস্ব আচরণবিধি রয়েছে। কোনো সদস্যের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে রিহ্যাবের সদস্যপদ বাতিল করে দেওয়া হয়।তিনি আরও বলেন, কেবল বেসরকারি খাতের ডেভেলপারদের বিরুদ্ধে সবাই অভিযোগ করেন ও তাদের শাস্তির দাবি করেন। কিন্তু সরকারি সংস্থা রাজউকের বিরুদ্ধেও তো গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। রাজউক টাকা নেওয়ার পর সময়মতো জমি বুঝিয়ে দেয় না এবং সঠিক সময়ে নকশাও অনুমোদন করে না। তাই এসব অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিলে বেসরকারি খাতের ডেভেলপাররাও অনিয়ম করতে সাহস পাবে না।