ভূমিদস্যুদের হাত থেকে ডুমনি খাল রক্ষার দাবিতে মানববন্ধন
রাজধানীর খিলক্ষেতের পাশে ইচ্ছাপুরের ডুমনি খালকে ভূমিদস্যুদের থাবা থেকে রক্ষার দাবিতে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘জনতাই রুখবে ভূমিদস্যুদের আস্ফাালন’ শীর্ষক এই মানববন্ধন আয়োজন করে বেসরকারি সংস্থা নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।মানববন্ধনে বক্তারা বলেছেন, ঢাকায় প্রতিনিয়ত দখল হয়ে যাচ্ছে কোনো না কোনো জলাধার কিংবা তার অংশবিশেষ। তেমনি একটি জলাধার হলো ডুমনি খাল।প্রস্তাবিত ডিটেইল্ড এরিয়া প্ল্যানে (ড্যাপ) খালটিকে সুস্পষ্টভাবে দেখানো হয়েছে। কয়েক মাস যাবত্ ভূমিদস্যুদের নজর পড়েছে এই ডুমনি খালের ওপর। তারা এ খালটিতে বালু ভরাট করতে শুরু করেছে। বড় বড় পাইপের মাধ্যমে খালটিকে স্থায়ীভাবে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করছে। খালের মাঝখানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের নিজস্ব সম্পত্তি বলে। বক্তারা ডুমনি খাল রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।গ্রিন মাইন্ড সোসাইটি, উন্নয়ন ধারা ট্রাস্ট, নিরাপদ নৌপথ আন্দোলন, স্বভূমি, প্রগতি সমাজকল্যাণ সংস্থা, আইএসডিই, গ্রিনবেল্ট ট্রাস্ট, লোকসংগীত বাঁচাও আন্দোলন, সিরাক বাংলাদেশ, আমজাদ আলী ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন এ মানববন্ধনে অংশগ্রহণ করে।