ভূমিদস্যুদের হাত থেকে ঢাকাকে বাঁচাতে এর পরিধি বাড়ানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমিদস্যুদের হাত থেকে ঢাকা শহরকে বাঁচানোর জন্য এর পরিধি বাড়ানো হচ্ছে। প্রতিটি আবাসন প্রকল্পে বাচ্চাদের খেলার জায়গা ও জলাধার থাকতে হবে। তা না থাকলে কোনো প্রকল্পের অনুমোদন দেওয়া হবে না।সরকারের এ সিদ্ধান্তের কারণে সংশ্লিষ্ট মন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে। তাঁকে নানা রকম প্রলোভনও দেখানো হচ্ছে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, রাজধানীতে অপরিকল্পিত একটি স্থাপনারও অনুমোদন দেওয়া হবে না।গতকাল সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তৃতীয় আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘যাঁদের টাকা আছে তাঁরা ভাবছেন, টাকা দিয়ে বিশ্বটাকে কিনে ফেলা যায়। কিন্তু টাকা দিয়ে যে সব হয় না, টাকা দিয়ে যে সব কেনা যায় না, এটা বোধহয় টাকাওয়ালারা ভুলে গেছেন।’ তিনি বলেন, মন্ত্রীকে হুমকির পাশাপাশি বিভিন্ন প্রলোভনও দেখানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী তাঁর কাছে অভিযোগও করেছেন।শেখ হাসিনা বলেন, ‘মূলত কোনো আবাসন প্রকল্পে খেলার মাঠ ও জলাধার না থাকলে ওই প্রকল্পের অনুমতি দেওয়া হবে না—সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে। সেই মন্ত্রী আমার কাছে এসে বলেছেন, আমি (মন্ত্রী) এখন কী করব।’ শেখ হাসিনা বলেন, সরকার ‘যেকোনো মূল্যে’ পরিবেশ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। অপরিকল্পিত প্রকল্প অনুমোদিত হলে আধুনিক ঢাকা গড়ে তোলা সম্ভব হবে না।রাজধানীর সম্প্রসারণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ঢাকাকে কয়েকটি অঞ্চলে ভাগ করা হবে। পরে ওই সব অঞ্চলভিত্তিক শহর সম্প্রসারণের কাজ করা হবে। তিনি ঢাকাকে কেন্দ্র করে চারটি স্যাটেলাইট শহর গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের নামে রাজধানীর বিভিন্ন খালের ওপর বক্স কালভার্ট তৈরি করে খালগুলো বন্ধ করা হয়েছে। ওই সময় পরিবেশবাদী সংগঠন বা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা পদক্ষেপ নিলে ঢাকা শহরের এত বড় সর্বনাশ হতো না। শিল্পবর্জ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি কারখানাকে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট (ইটিপি) স্থাপনের কথা বলা হয়েছে। অনেক কারখানা তা স্থাপনও করেছে, কিন্তু টাকা বাঁচানোর জন্য সেগুলো চালু রাখে না। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কারখানা পরিদর্শনে গেলে ইটিপি চালু করা হয়। কিন্তু তাঁরা চলে এলেই তা বন্ধ করে রাখা হয়। তিনি আরও বলেন, কারখানাগুলোকে ইটিপি ব্যবহারে বাধ্য করতে একটি কেন্দ্রীয় ইটিপি স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় ইপিটির সঙ্গে কারখানার ইটিপিগুলোর সংযোগ স্থাপন করা হবে।শেখ হাসিনা বলেন, জনগণের কম খরচে যাতায়াত-সুবিধা নিশ্চিত করতে সরকার নৌ ও রেলপথের ওপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। শিগগিরই বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী থেকে আবর্জনা পরিষ্কার করা হবে। পরে এ নদীগুলো খনন করা হবে। এ ছাড়া সীমান্ত এলাকার নদীগুলো খননের ব্যাপারে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আলোচনা করা হবে।বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতা করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাপার সহসভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের মহাসচিব এম এ মতিন।