ভূমিদস্যুদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও বিশিষ্ট বুদ্ধিজীবীদের হুমকিদানকারী ভূমিদস্যুদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশে পরিবেশ আন্দোলন (বাপা) ও গ্রিন ভয়েস। আর যদি তা করা না হয় তাহলে বুঝতে হবে সরকারের মধ্যেই ভূমিদস্যু আছে।আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এক নাগরিক সমাবেশ করে তারা এ দাবি জানায়।১৩ জুন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন প্রিপারেশন অব ডিটেইল্ড এরিয়া প্ল্যান ফর ঢাকা (ড্যাপ) শীর্ষক প্রকল্পের আওতায় ডিটেইল্ড এরিয়া প্ল্যানের ওপর অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের (বিএলডিএ) সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান শাহ আলমের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সম্পর্কে সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, ‘আমি যদি মন্ত্রী থাকতাম তাহলে জানি না ওই দিন কী করতাম, তবে ওই দিন আমি শাহ আলমকে আইনের হাতে সোপর্দ করতাম।’‘সারা দেশে সকল ভূমিদস্যুদের বিচার কর, তাদের সকল অপকর্ম প্রতিরোধ কর’—ব্যানারে আয়োজিত এ সমাবেশে বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, ভূমিদস্যুদের বাড়াবাড়ির সীমা ছাড়িয়ে গেছে। তারা কক্সবাজারে পাহাড়, টিলা, সুন্দরবন দখল করছে, কুয়াকাটায় বাড়ি বানাচ্ছে, সেন্টমার্টিনে জায়গা দখল কোনো স্থানই তারা বাদ দিচ্ছে না। ভূমিদস্যুদের চাপে সরকার ড্যাপ চূড়ান্ত করতে পারছে না।সমাবেশে থেকে গৃহায়ণ প্রতিমন্ত্রীকে ভূমিদস্যুদের কাছে মাথা নত না করার আহ্বান জানানো হয়।