ভূমিদস্যুরা কে কোন পত্রিকার মালিক তা আমরা সবাই জানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘ভূমিদস্যুরা কে কোন পত্রিকার মালিক তা আমরা সবাই জানি। আমি সংসদে তাঁদের নাম উল্লেখ করে কারও বিরাগভাজন হতে চাই না।’ জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার সংসদে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের পক্ষে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। হাফিজউদ্দিন আহমেদের প্রশ্ন ছিল, ‘কোনো পত্রিকার মালিক ভূমিদস্যু আছে কি না? আমরা শুনতে পাচ্ছি, অনেক ভূমিদস্যু কালো টাকা দিয়ে পত্রিকা বের করছেন। এসব ভূমিদস্যু এবং তাঁদের পত্রিকা সম্পর্কে মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে কি না?’এর আগে আইন প্রতিমন্ত্রী সংসদে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে সন্ত্রাসীদের হাতে কোনো সংবাদকর্মী নিহত কিংবা আহত হননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বেসরকারি পর্যায়ে এখন মোট ১১টি টেলিভিশন চ্যানেল চালু আছে। বেসরকারি খাতে সম্প্রতি ১০টি চ্যানেল স্থাপনের বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে নতুন টেলিভিশন চ্যানেল স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।পরে সংসদে উপস্থিত তথ্যমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, ভারত, পাকিস্তান, নেপালসহ সার্কভুক্ত দেশগুলোতে বাংলাদেশে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেলগুলো দেখানোর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। অবৈধভাবে কোনো চ্যানেল যদি বাংলাদেশে দেখানো হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ওই চ্যানেল বন্ধ করে দেওয়া হবে।নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ থাকবে: বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক বলেছেন, গ্যাস সংকটের কারণে দেশে নতুন করে এখন আর কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না। আগামী এক বছরের মধ্যে গ্যাসের উত্পাদন বাড়ানোর পর আবার গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে।সাবের হোসেন চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। আগামী এক বছরের মধ্যে ৬০ মিলিয়ন ঘনফুট নতুন করে গ্যাসলাইনে যুক্ত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া গ্যাস উত্তোলনের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বেশ কিছু পরিকল্পনা সরকারের রয়েছে। এসব কাজ শুরুর পর গ্যাস বিতরণেরও নতুন পরিকল্পনা করা হবে। তিনি বলেন, গ্যাসের দৈনিক উত্পাদন দুই হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকবে। ভবিষ্যতে প্রয়োজনীয় পরিমাণ গ্যাস প্রাপ্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে পাইপলাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।বিকেলে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সাংসদদের অনেকেই নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে কি না, তা প্রতিমন্ত্রীর কাছে জানতে চান। এক প্রশ্নের জবাবে এনামুল হক জানান, প্রাকৃতিক গ্যাস পরিবেশবান্ধব এবং মূল্যসাশ্রয়ী হওয়ায় এর ব্যবহার দিন দিন বাড়ছে। দেশীয় কূপের সর্বোচ্চ ক্ষমতায় গ্যাস উত্পাদনের পরও চাহিদা বৃদ্ধির হারে গ্যাসের ঘাটতি থেকে যাচ্ছে। বর্ধিত চাহিদা মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ফর্মে গ্যাস আমদানি সরকারের বিবেচনায় রয়েছে।