সরকার ও জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী, আগে ভূমিবিরোধ নিষ্পত্তি ও মালিকানা নির্ধারণ, তারপর ভূমি জরিপ হবে। এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, তিন পার্বত্য রাজাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে একমত হয়েছে সরকার। সরকারের পক্ষে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘পার্বত্য চট্টগ্রামে ভূমিবিরোধ নিষ্পত্তি ও জরিপ’ বিষয়ে এক সভায় এই ঐকমত্য হয়। গতকাল রোববার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত রুদ্ধদ্বার সভা শেষে ভূমিমন্ত্রী রেজাউল করিম সাংবাদিকদের জানান, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ছোটখাটো যে সমস্যা রয়েছে, সেগুলো দূর করার ব্যাপারে সভায় ঐকমত্য হয়েছে। ভূমিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের ৫৩ নম্বর ধারা পাঠ করে বলেন, এই ধারাবলে এ অঞ্চলের আইন প্রণয়ন ও সংশোধনে আঞ্চলিক পরিষদের পরামর্শ দেওয়ার এখতিয়ার আছে। তাই ভূমি কমিশন আইন নিয়ে যে ২৩টি সংশোধনীর প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো কার্যকর করা প্রয়োজন। পার্বত্য এলাকার নেতাদের দাবি অনুযায়ী, জরিপের আগে ভূমির মালিকানা নির্ধারণের কাজ হবে। প্রয়োজনে আইনের সংশোধনও করা হবে।মালিকানা নির্ধারণের আগে ভূমি জরিপের ব্যাপারে পার্বত্য চট্টগ্রামের মানুষের বিরোধিতার কথা উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোথাও আগুন লাগলে আমরা কি সেখানে জরিপ করতে যাব? কাজেই সমস্যা সমাধানে আগে ভূমির মালিকানা ঠিক করা হবে।’ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকারের আমলেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত হবে, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার পাওয়ার জন্য চুক্তি করেননি। তিনি পার্বত্য চট্টগ্রামের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং শান্তি ও স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে চুক্তি করেছেন। এই বৈঠক আয়োজনে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বৈঠক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সহায়ক হবে। ভূমি সমস্যাকে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে জটিল সমস্যা হিসেবে উল্লেখ করে দীপংকর তালুকদার এ সমস্যা সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, ‘আজকের (রোববার) বৈঠক খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের সিদ্ধান্ত পার্বত্য চুক্তি বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী ভূমি-সমস্যা সমাধান হবে বলে সভা সিদ্ধান্ত নিয়েছে।’ সন্তু লারমা বলেন, ভূমি সমস্যার সমাধান ছাড়া পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান সম্ভব নয়। কাজেই অগ্রাধিকার ভিত্তিতে এই অঞ্চলের ভূমির মালিকানা নির্ধারণ করতে হবে।চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, মালিকানা নির্ধারণের আগে জরিপ চালানো হলে পার্বত্য এলাকার ভূমি-সমস্যা আরও জটিল হয়ে উঠবে। কারণ পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে এখানকার আদিবাসীদের প্রথাগত অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রথাগত অধিকারেই আদিবাসীরা যুগ যুগ ধরে ভূমির অধিকার ভোগ করে আসছেন। আগে জরিপ চালানো হলে অনেকেই ভূমির মালিকানা হারাতে পারেন। জরিপের আগে ভূমিবিরোধ নিষ্পত্তির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা একটা দলগত ছবি তুলব। তার আগে কে কোথায় দাঁড়াবে তা ঠিক না করে ছবি তুলে তো লাভ নেই। তাই আগে ঠিক করতে হবে কে কোথায় দাঁড়িয়ে ছবি তুলব।’ সভায় ও সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এই আলোচনার সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর, ভারত প্রত্যাগত শরণার্থী ও পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, ভূমি মন্ত্রণালয়ের সচিব আতাহারুল ইসলাম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ আহমেদ, ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের মহাপরিচালক এম শামসুল আলম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান যথাক্রমে নিখিল কুমার চাকমা, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও ক্যশৈহ্লা মারমা, মং সার্কেলের রাজা সাচিং প্রু, বোমাং সার্কেলের রাজার প্রতিনিধি সাচিং প্রু জেরি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।