ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন সংশোধন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্বত্যচুক্তি বাস্তবায়ন কমিটির তৃতীয় সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাগড়াছড়ি সার্কিট হাউসে ওই কমিটির সভার পর এক সংবাদ ব্রিফিংয়ে কমিটির আহ্বায়ক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এ কথা জানান।ব্রিফিংয়ে জানানো হয়, পার্বত্যচুক্তির অবাস্তবায়িত বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করা হবে। পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি আইন-২০০১ ও পার্বত্য চুক্তির আওতার সব আইনগত বিষয় সংসদের আগামী অধিবেশনে ঠিক করা হবে। পার্বত্য চুক্তি বাস্তবায়ন কমিটির সভা চলে বিকেল সোয়া চারটা থেকে টানা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। সার্কিট হাউসের দোতলার ভিআইপি কক্ষ ‘মাইনি’তে এ সভা হয়। সভা সূত্রে জানা গেছে, পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়নে সরকার ও জনসংহতি সমিতি একমত হলেও কখন, কীভাবে হবে তা নিয়ে মতভেদ দেখা দেয়। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধন, কমিশন চেয়ারম্যানের ‘বিতর্কিত কার্যক্রম’ ও ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য কমিশনের বিচারিক কার্যক্রম শুরু করা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলে। সাজেদা চৌধুরী এবং জনসংহতি সমিতির প্রধান ও চুক্তি বাস্তবায়ন কমিটির সদস্য জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা একমত হতে না পারায় একপর্যায়ে সাজেদা চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী সংসদের আগামী অধিবেশনে পার্বত্য চুক্তির আইনগত বিষয়গুলোর ত্রুটি দূর করা এবং পার্বত্য ভূমি কমিশনের কার্যক্রম স্থগিত রাখার সম্মতি দিলে সভায় ঐকমত্য সৃষ্টি হয়।সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ আইন কার্যকর করা, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা সনদ দেওয়ার বিষয়ে বিগত আওয়ামী লীগ সরকারের জারি করা আদেশ বাতিল করে পার্বত্যচুক্তি অনুযায়ী সনদ প্রদানের বিধান করা, পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের কার্যক্রম জোরদারসহ শরণার্থী ও উদ্বাস্তুদের পুনর্বাসন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যবিধিমালা, পার্বত্যচুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামকে উপজাতি-অধ্যুষিত অঞ্চল হিসেবে বিবেচনা করে তার বৈশিষ্ট্য সংরক্ষণ ও সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় সন্তু লারমা পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যানের বিতর্কিত কার্যক্রম তুলে ধরে পার্বত্যচুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সাজেদা চৌধুরীকে বলেন, ‘আপনি কমিশন আইন সংশোধন না করে কীভাবে বিচারিক কার্যক্রম উদ্বোধন করবেন? আমি তো সেখানে উপস্থিত থাকতে পারব না। আমি যদি উপস্থিত থাকি, তাহলে এখান থেকে বের হতে পারব না।’এ সময় সাজেদা চৌধুরী বলেন, ‘আমাকে কার্যালয় উদ্বোধনের কথা বলা হয়েছে।’ তখন সন্তু লারমা ভূমি কমিশন থেকে পাঠানো আমন্ত্রণপত্র দেখালে সাজেদা চৌধুরী বিস্ময় প্রকাশ করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন না বলে আশ্বাস দেন। ব্রিফিংয়ে সাজেদা চৌধুরী বলেন, ‘পার্বত্য চুক্তি বাস্তবায়নের আলোচনা একদম শেষ পর্যায়ে। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবার আমরা ফলাফল চাই। আগামী জানুয়ারিতে সংসদ অধিবেশন বসবে। সে অধিবেশনে পার্বত্য চুক্তির আইনগত কোনো পরিবর্তন করার থাকলে তা করা হবে।’সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, আইন সংশোধন না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পার্বত্য চুক্তিবিরোধী পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের তৎপরতাসহ বিভিন্ন সংগঠনের দাবি নিয়ে কী করবেন, প্রশ্ন করা হলে সাজেদা চৌধুরী সন্তু লারমাকে দেখিয়ে বলেন, ‘মাঠে তো কত প্রকার ধান থাকে। সব ধান তো চাষ করা যায় না। আমরা এই একজনকে চিনেছি, তাঁর সঙ্গে আমরা কাজ করব।’বৈঠকে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এবং ভারত-প্রত্যাগত শরণার্থী ও পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা উপস্থিত ছিলেন।