পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ এখন বন্ধ বা স্থগিত আছে কি না, এ প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সূত্রগুলো বলছে, হ্যাঁ। আর ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন বলছে, না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিটির মধ্যে সমন্বয়হীনতার বড় উদাহরণ।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রথম আলোকে বলেন, গত বছর ২৬ ডিসেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সার্কিট হাউসে অনুষ্ঠিত চুক্তি বাস্তবায়ন কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভূমি কমিশন আইন সংশোধন না হওয়া পর্যন্ত বিরোধ নিষ্পত্তির কাজ স্থগিত থাকবে।অপরদিকে ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেন, কমিশনের কার্যক্রম একবার শুরু হলে তা বন্ধ বা স্থগিত করার আইনি বিধান নেই। তা ছাড়া প্রধানমন্ত্রী কিংবা সরকারের কোনো দপ্তর থেকে এ কাজ স্থগিত বা বন্ধের কোনো আদেশ আজ পর্যন্ত জারি করা হয়নি। তাঁকেও সরকারের কোনো পর্যায় থেকে এমন কথা জানানো হয়নি। কাজেই ভূমি কমিশনের কার্যক্রম চলছে এবং চলবে। এ বিষয়ে গত ২৪ এপ্রিল তিনি একটি ‘তথ্য বিবরণী’ও জারি করেছেন।ভূমি কমিশনে বিরোধ নিষ্পত্তির মোকদ্দমায় সরকারের পক্ষে আইনি লড়াইয়ের জন্য গত মাসে (এপ্রিল ২০১০) একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন খাগড়াছড়ি জেলা বারের প্রবীণ দেওয়ানি আইনজীবী মনজুর মোরশেদ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভূমিবিরোধ নিষ্পত্তির কাজ বন্ধ কিংবা স্থগিত থাকলে সরকারের এখন আইনজীবী নিয়োগের কোনো দরকার ছিল না।কমিশনের তথ্য বিবরণী: ২৪ এপ্রিল ভূমি কমিশনের জারি করা তথ্য বিবরণীতে বলা হয়, কমিশনের কার্যক্রম স্থগিত বা বন্ধ থাকার বিষয়টি একটি স্বার্থান্বেষী মহলের প্রচার। প্রকৃতপক্ষে কমিশনের কাজ একবার শুরু হলে তা স্থগিত বা বন্ধ করার কোনো আইনি বিধান নেই।সুতরাং পার্বত্য চট্টগ্রামের ভূমিবিরোধ নিষ্পত্তির বিষয়ে নতুন দরখাস্ত দাখিল, আগে দাখিল করা দরখাস্ত থেকে উদ্ভূত মোকদ্দমাগুলো নিষ্পত্তির পদক্ষেপ গ্রহণ, পরবর্তী তারিখ নির্ধারণসংক্রান্ত কমিশনের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম যথানিয়মে চালু আছে এবং থাকবে। এ অবস্থায় যথাযথ পদক্ষেপের অভাবে কোনো মোকদ্দমা খারিজ হলে বা একতরফা রায় হলে সংশ্লিষ্ট পক্ষ দায়ী থাকবে। কমিশনে গিয়ে এ বিষয়ে খোঁজখবর নিতে সংশ্লিষ্ট পক্ষকে অনুরোধ জানানো হয়েছে।এতে দাবি করা হয়, ২০০৯ সালের ১৯ জুলাই ভূমি কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে বর্তমান ভূমিবিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরুর পর পূর্ণাঙ্গ কমিশনের প্রথম পাঁচটি বৈঠকে পার্বত্য চট্টগ্রামে ভূমি জরিপ, ভূমিবিরোধে ক্ষতিগ্রস্ত ভূমি-মালিকদের দরখাস্ত আহ্বান এবং ওই কর্মসূচির ব্যাপক প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়। সে মতে বিরোধ নিষ্পত্তির স্বার্থে গণবিজ্ঞপ্তি প্রচার করে ক্ষতিগ্রস্ত ভূমি-মালিকদের দরখাস্ত আহ্বান করা হলে প্রায় পাঁচ হাজার দরখাস্ত জমা পড়ে। প্রতিপক্ষের ওপর নোটিশ জারি, জবাব দাখিল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দরখাস্তগুলোর ভূমিবিরোধ দ্রুত নিষ্পত্তির তালিকাভুক্ত করা হয়।পূর্ণাঙ্গ কমিশনের বৈঠক: পূর্ণাঙ্গ কমিশনের পাঁচটি বৈঠক এবং সেসব বৈঠকে ভূমি জরিপসহ যেসব সিদ্ধান্ত হয়েছে বলে কমিশন দাবি করেছে, সে সম্পর্কে জানতে চাইলে কমিশনের অন্যতম সদস্য চাকমা রাজা দেবাশীষ রায় প্রথম আলোকে বলেন, কমিশনের সব বা অধিকাংশ সদস্যের উপস্থিতিতে এমন কোনো বৈঠক হয়নি। অসদস্যদের নিয়ে কমিশনের চেয়ারম্যান সাহেব অনেক বৈঠক করেছেন। সেগুলো কমিশনের বৈঠক নয়।দেবাশীষ রায় বলেন, ‘আমি অন্য দুজন সার্কেল চিফ ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। এঁরা কমিশনের সদস্য। তাঁদের উপস্থিতিতেও এমন কোনো বৈঠক বা সিদ্ধান্ত হয়নি। আমরা ভূমি কমিশন আইন সংশোধন না হওয়া পর্যন্ত বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া বন্ধ রাখতে মত দিয়েছি।’ভূমি কমিশনের চেয়ারম্যানকে উদ্দেশ করে চাকমা রাজা বলেন, ‘ওনার কাজে আমি অসন্তুষ্ট না হয়ে পারি না। ওনার নেতৃত্বে আমি কাজ করব না।’পূর্ণাঙ্গ কমিশনের বৈঠক প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, কমিশনের চেয়ারম্যান এবং পাঁচজন সদস্যের মধ্যে যেকোনো দুজন উপস্থিত থাকলেই কোরাম হয়। এ পর্যন্ত অনুষ্ঠিত কমিশনের নয়টি সভাতেই দুজন করে সদস্য ছিলেন। আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও চাকমা রাজা শুধু একটি (ষষ্ঠ) সভায় উপস্থিত ছিলেন। এরপর তিন সার্কেল-প্রধান (রাজা) কমিশনের আইন সংশোধন না হওয়া পর্যন্ত বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া বন্ধ রাখার প্রস্তাব দিয়ে একটি চিঠি দেন। এসব বিষয় তিনি সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছেন, কিন্তু কোনো জবাব পাননি।২৬ ডিসেম্বরের সভা: গত বছরের ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের প্রধান কার্যালয়ে ভূমিবিরোধ নিষ্পত্তির বিচারিক কার্যক্রম শুরু করার কর্মসূচি নেওয়া হয়। ২৭ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় ওই বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে কমিশন আমন্ত্রণ জানায়। এ উপলক্ষে তিনি ২৬ ডিসেম্বর খাগড়াছড়ি পৌঁছে সন্ধ্যায় সার্কিট হাউসে অবস্থানকালে আঞ্চলিক পরিষদের প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, চুক্তি বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য যতীন্দ্রলাল ত্রিপুরা ও প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সঙ্গে বৈঠক করেন।বৈঠক শেষে সন্তু লারমা সাংবাদিকদের বলেন, ভূমি কমিশনের বিরোধ নিষ্পত্তি কর্মসূচি ও পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়েছে। ওই খবর রাতেই টিভি চ্যানেলে ও পরদিন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। ২৭ ডিসেম্বর সকালে সাজেদা চৌধুরী ঢাকা চলে আসেন।সেদিনের পরিস্থিতি সম্পর্কে ভূমি কমিশনের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, সংসদ উপনেতা খাগড়াছড়ি গিয়েছিলেন ভূমি কমিশনের বিরোধ নিষ্পত্তির বিচারিক কার্যক্রম উদ্বোধনের অনুষ্ঠানে। কিন্তু তিনি কমিশনের কাউকে কিছু না জানিয়ে ঢাকায় ফিরে আসেন। ‘আমি তখন তড়িঘড়ি করে বিচার কার্যক্রম উদ্বোধন অনিবার্য কারণে স্থগিত করা হলো মর্মে একটি নোটিশ দিয়ে দিই।’ এরপর কমিশন আজ পর্যন্ত আর কোনো আদেশ-নির্দেশ বা পরামর্শ সরকারের বা চুক্তি বাস্তবায়ন কমিটির কাছ থেকে পায়নি। তাই আইন অনুযায়ী কমিশন তো কাজ বন্ধ করে দিতে পারে না।