ভূমিমালিকও দণ্ডের আওতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসন ব্যবসায়ীর (ডেভেলপার কোম্পানি) সঙ্গে করা চুক্তি ভঙ্গ করলে ভূমির মালিকের দুই বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা হবে। আর আবাসন ব্যবসায়ী চুক্তি ভঙ্গ করলে দুই বছর কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করা যাবে। এই বিধান প্রস্তাব করে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর খসড়া চূড়ান্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আইনের মূল প্রস্তাবে ভূমির মালিকদের কারাদণ্ড বা জরিমানার বিধান ছিল না।প্রস্তাবিত আইনে নির্মাতা প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী ক্রেতার আবাসন সময়মতো হস্তান্তর না করলে বা অধিক লাভবান হওয়ার উদ্দেশ্যে একই ফ্ল্যাট বা প্লট অন্যের কাছে বিক্রি করলে তিন বছরের কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। নকশাবহির্ভূত নির্মাণের ক্ষেত্রেও আবাসন কোম্পানির জন্য একই ধরনের দণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে এ আইনের খসড়া চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সংবাদ ব্রিফিংয়ে জানান, সংসদের আগামী অধিবেশনে বিলটি পাস হতে পারে। প্রসঙ্গত, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০০৯ নামে সংসদে বিল উত্থাপিত হয়েছিল। দুই মন্ত্রণালয় এবং সংসদীয় কমিটির টানাহেঁচড়ার কারণে বিলটি উত্থাপনের পর প্রায় ১০ মাস পার হয়ে গেলেও কমিটি যথাসময়ে প্রতিবেদন দিতে পারেনি। আবাসন ব্যবসায়ী সাংসদ নসরুল হামিদ ও এনামুল হক এই কমিটির সদস্য।সূত্র জানায়, গতকালের বৈঠকে প্রস্তাবিত রিয়েল এস্টেট আইন মূল্যায়নের জন্য গঠিত উপকমিটির সুপারিশও উপস্থাপন করা হয়। কমিটির সদস্য এনামুল হককে প্রধান করে গঠিত এই উপকমিটির সুপারিশে আবাসন ব্যবসায়ীদের অপরাধের জন্য কারাদণ্ডের বিধান বাতিল করার প্রস্তাব করা হয়। কমিটির অন্য সদস্যদের আপত্তিতে শেষ পর্যন্ত তা নাকচ হয়ে যায়। তবে কমিটি প্রস্তাবিত আইনে নতুন তিনটি বিধান সংযোজন করার সুপারিশ করেছে। তাতে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আবাসন ব্যবসায়ীর অনুকূলে জমির দখল বুঝিয়ে না দিলে ভূমির মালিক সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডে বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। কমপক্ষে ৩০ দিনের নোটিশ না দিয়ে ভূমির মালিক আম-মোক্তারনামা বাতিল করলেও একই জরিমানা ও দণ্ডে দণ্ডিত হবেন। সূত্র জানায়, কমিটির যেসব সদস্য আবাসন ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের সুপারিশেই এই দুটি বিধান অন্তর্ভুক্ত করা হয়।কমিটির প্রস্তাবিত অন্য দফায় বলা হয়েছে, আবাসন ব্যবসায়ী চুক্তি অনুযায়ী সময়মতো ভূমির মালিকের অংশ বুঝিয়ে না দিলে দুই বছরের কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।এ ছাড়া প্রস্তাবিত আইন অনুযায়ী, নিবন্ধন ও অনুমোদন ব্যতীত আবাসন প্রকল্পের কাজ শুরু করা যাবে না। উভয় ক্ষেত্রেই কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।কোনো আবাসন নির্মাতা প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী ক্রেতার আবাসন হস্তান্তর না করে অধিক লাভবান হওয়ার উদ্দেশ্যে অন্যত্র তা বিক্রি করলে সে জন্য তিন বছরের কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান প্রস্তাব করা হয়েছে। নকশাবহির্ভূতভাবে আবাসন নির্মাণের ক্ষেত্রেও একই ধরনের দণ্ড ও জরিমানার প্রস্তাব করা হয়েছে।গণপূর্ত ও রাজউকের কোটা বাতিল: সংসদীয় কমিটির গতকালের বৈঠকে প্লট বরাদ্দের ক্ষেত্রে সরকারি কোটার বাইরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের জন্য যে কোটা রাখা আছে তা বাতিলের সুপারিশ করা হয়। কমিটি ২০০৯ সালে এই কোটার আওতায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় (এক শতাংশ) এবং রাজউকের (এক শতাংশ) জন্য যেসব প্লট বরাদ্দ করা হয়েছে, তা স্থগিত করারও সুপারিশ করেছে। কমিটি সুপারিশ করেছে, রাজউক ঢাকার আশপাশে কোনো ধরনের স্যাটেলাইট শহর নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করলে সে বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সাংসদকে অবহিত করতে হবে।কমিটির সভাপতি এ বি এম ফজলে করিমের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, হুইপ নূর-ই-আলম চৌধুরী, মো. আবদুছ সাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা মোহন, নসরুল হামিদ, এনামুল হক ও সাফিয়া খাতুন।