ভূমিহীন পল্লিতে হামলা, ৩০০ পরিবার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঢেবুখালী ও কালাবাড়িয়া ভূমিহীন পল্লিতে গত রোববার গভীর রাতে অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ভূমিহীনদের অভিযোগ, অভিযানের সময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রায় ৩০০ ভূমিহীন পরিবারের ঘর ভাঙচুর এবং তাদের উচ্ছেদ করেন। তাঁদের হামলায় কমপক্ষে ২৫ জন ভূমিহীন আহত হয়।গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঢেবুখালী ও কালাবাড়িয়া এলাকার ভূমিহীন পল্লির বেশির ভাগ বাড়িতেই ভাঙচুর করা হয়েছে। এলাকায় পুরুষ মানুষ নেই বললেই চলে। ভয়ে নারীদের কেউ কথা বলতে চায়নি।গ্রেপ্তার হওয়া ঢেবুখালী গ্রামের আফসার আলী গাজী, মো. সুজাত আলী ও খোগেন সর্দার দেবহাটা থানায় সাংবাদিকদের জানান, প্রায় ৩০০ ভূমিহীন পরিবার দীর্ঘদিন উপজেলার সাপমারা খালের পাশের চরভরাটিয়া, ঢেবুখালী ও কালাবাড়িয়ার সরকারি জমিতে বসবাস করছে। রোববার রাতে পুলিশ ও র্যাবের সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের নামে তাদের প্রায় প্রতিটি বাড়িতে তল্লাশি করেন।ভূমিহীনেরা অভিযোগ করে, র্যাব ও পুলিশের অভিযানের সময় উপজেলার দেবীশহর গ্রামের কিংকর স্বর্ণকার, আবুল কাসেম, রমেশ স্বর্ণকার, শওকাত পাঁড়, ফয়জুল ইসলাম ও সেকেন্দার আলীর নেতৃত্বে ৪০০ থেকে ৫০০ লোক দা, বল্লম, খোঁন্তা, শাবল ও লাঠি নিয়ে ভূমিহীনদের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। তারা ভূমিহীনদের বেশির ভাগ মাটির ঘর ভেঙে দেয়। তাদের হামলায় লাইলি বেগম (২০), জামিলা বেগম (৪৫), সুফিয়া বেগম (৩৫), ফতেমা বেগম (৩০), হাফিজা খাতুন (২৫), আমেনা খাতুন (১৩), ইব্রাহিম হোসেন (১০), রাজিয়া বেগমসহ (২৮) অন্তত ২৫ জন আহত হয়েছে। তবে গ্রেপ্তারের ভয়ে আহত ব্যক্তিরা কেউ স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে চিকিত্সা নিতে পারেনি। তারা আত্মীয়স্বজনের বাড়িতে থেকে চিকিত্সা নিচ্ছে।ভূমিহীনেরা আরও অভিযোগ করে, হামলা ও চাঁদা দাবির অভিযোগে গত ১২ জানুয়ারি আবুল কাসেম, ফয়জুল ইসলাম, শওকাত পাঁড়সহ ১১ জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় মামলা করেন ঢেবুখালী গ্রামের তাসলিমা খাতুন। এ মামলার আসামিরা পুলিশ ও র্যাবের সামনেই ভূমিহীন পল্লিতে হামলা ও ভাঙচুর করলেও তাদের গ্রেপ্তার করা হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে কিংকর স্বর্ণকার বলেন, ঢেবুখালীতে তাঁদের পৈতৃক ২০০ বিঘা জমি গত ২০ ডিসেম্বর ভূমিহীন নামধারী ভূমিদস্যুরা দখল করে নেয়। এ ঘটনায় তাঁরা পাঁচটি মামলা ও জমি উদ্ধারের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের বরাবর আবেদনও করেছেন। তিনি জানান, রোববার রাতে পুলিশ ও র্যাবের সদস্যরা মামলার আসামিদের গ্রেপ্তার করেছেন। এ সময় তাঁরা নিজেদের জমি পুনরায় দখলে নেন। সেখানে অবৈধভাবে তোলা ঘরও ভেঙে দেওয়া হয়।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খান জানান, জমি দখলের অভিযোগে কিংকর স্বর্ণকার, রমেশ স্বর্ণকার, সমর স্বর্ণকার ও হানিফ স্বর্ণকার গত দেড় মাসে থানায় পাঁচটি মামলা করেছেন। এসব মামলায় চর থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে তিনি নিজে এবং কালীগঞ্জ থানার ওসি আলগীর হোসেন, সাতক্ষীরা সদর থানার ওসি হাসেম খান ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশ ও র্যাবের শতাধিক সদস্য রোববার রাত তিনটা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত অভিযান চালান। এ সময় ৪৯ জনকে আটক করা হয়। কিন্তু এদের মধ্যে ১৩ জনের নামে মামলা না থাকায় পরে ছেড়ে দেওয়া হয়।ভূমিহীনদের উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) নজরুল ইসলাম বলেন, অভিযানের সময় এমন কোনো ঘটনা ঘটেনি। পরে ঘটে থাকলে তা অনাকাঙ্ক্ষিত। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।ভূমিহীনদের মামলার আসামিদের গ্রেপ্তার না করার বিষয়ে শাহজাহান আলী বলেন, অভিযানের সময় ওই মামলার কোনো আসামি সেখানে ছিল না।পাইকগাছায় সংঘর্ষখুলনা প্রতিনিধি জানান, গত রোববার রাতে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের পারমধুখালী গ্রামে নদী থেকে ফসলি জমিতে লোনাপানি তোলায় বাধা দেওয়া নিয়ে স্থানীয় কয়েক শ লোকের সঙ্গে ঘেরের মালিকপক্ষের সংঘর্ষ হয়। উভয় পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ভূমিহীন জয়দেব মিস্ত্রী, খোকন চন্দ্র সরকার ও নূরজাহান বেগম এবং জমির মালিক গৌতম মিস্ত্রীকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।