ভূমিহীনদের স্বপ্ন দেখাচ্ছে তিস্তাপারের কুমড়ার চাষ
যে নদী নাসিমা, রাইমা, শেফালীদের সুন্দর জীবন গড়ার স্বপ্ন ভেঙে পথে বসিয়েছিল, সেই নদীর বালুচর নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখাচ্ছে। আজ তাদের অন্য কোথাও কাজের সন্ধানে ছুটতে হয় না। নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তাপারের কয়েক হাজার পরিবার প্রতি বছর তিস্তা নদীভাঙনের শিকার হয়ে ভূমিহীন দিনমজুরে পরিণত হয়েছে। জমিজমা হারিয়ে তাদের বেশির ভাগ পরিবার তিস্তার বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। অনেকে আবার শহরে গিয়ে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে। জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের তিস্তাপারের আলসিয়াপাড়ায় সরেজমিনে দেখা যায়, তিস্তার সেই বালুচরের বিস্তীর্ণ এলাকায় চাষ করা হয়েছে মিষ্টি কুমড়া। কোথাও একটু উঁচু জমিতে ভুট্টাখেত ও শাকসবজির বাগান। মিষ্টি কুমড়া বিক্রির উদ্দেশ্যে খেত থেকে তুলে স্তূপ করছিল কয়েকজন কিষান-কিষানি। কিষানি শেফালী বেগম (৪০) বলেন, ‘হামার জমিজমা ছিল, গরু-ছাগল হাঁস-মুরগি সবই ছিল। হামার বাড়িত কামলা কিষান কাম কইরছিল। কিন্তু সর্বনাশা তিস্তায় হামাক ঘরছাড়া কইরছে। হামরা এলা বাঁধত বাড়ি করি আছি। এত দিন কামলা কিষান দিয়া কোনোমতে দিন চালাইছি। এত দিন জানছি বালা বাড়িত কিছু আবাদ করা যাইবে না। এলা কুমড়া আবাদ করি দেখেছি ভালো হয়ছে। এ কুমড়ার আবাদ হামরা চালে জামো। এর সঙ্গে হামরা শাকসবজি কইরছি খায়ওছি বেচায়ওছি।’নাসিমা (২৫) বলেন, ‘যেগুলো তুলেছি এগুলা বিক্রি করি সবায় ভাগ করি নিমো, পরেরগুলা অভাবের সময় বেচে খামো। এ কুমড়ার আবাদ হামরা চালে জামো।’গ্রামের ফরিদুল ইসলাম (৩০) বলেন, ‘এত দিন চিন্তাও করি নাই বালু বাড়িত আবাদ করা যায়। জেএসকেএস নামের একটা এনজিও আমাদের এই আবাদটা শিখাইছি, তারা বীজ-সার সবে দিছে।’বেসরকারি সংস্থা জেএসকেএসের প্রকল্প উন্নয়ন ব্যবস্থাপক আব্দুস ছালাম জানান, রাক্ষুসী তিস্তার ভাঙনে সর্বস্বান্ত হওয়া নরনারীদের নিয়ে জেএসকেএসের (ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা) বাস্তবায়নে প্রাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের সহযোগিতায় ও পিএফপি-সিঁড়ি প্রকল্পের অধীনে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার নদীভাঙা ৯৩ জন অতিদরিদ্র নরনারীকে নিয়ে ১৫ একর বালুচরে নয় হাজার ৩০০ পিটে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। ইতিমধ্যে সাত একর বালুচরের খেত থেকে প্রথম কিস্তিতে ১৬ টন মিষ্টি কুমড়া উত্তোলন করা হয়। তারা এ মৌসুমে প্রায় ৭০ মেট্রিক টন মিষ্টি কুমড়া ঘরে তুলতে পারবে। উৎপাদিত পণ্যের কিছু অংশ এখন বিক্রি করে তারা সংসার চালাবে এবং বাকি অংশ সংরক্ষণ করে বন্যা ও মঙ্গাকালীন সময়ে বিক্রি করে খাদ্যের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। তিনি বলেন, ছয় একর জমিতে কুমড়া চাষে খরচ হয়েছে সব মিলে প্রায় দেড় লাখ। আর বিক্রি হবে কমপক্ষে পাঁচ লাখ টাকা।গ্রুপ ফ্যাসিলেটর সহিদুল ইসলাম বলেন, ‘এটা আমাদের আট বছরের প্রকল্প। প্রতি বছর আমরা আবাদি জমির পরিমাণ ও সদস্যসংখ্যা বাড়াব।’ কৈমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক বলেন, আগে নদীভাঙা লোকজন বাইরে কাজের সন্ধানে ছুটত, এখন তাদের কাজ করার জন্য বাইরে থেকে শ্রমিক আসছে, এখানে কাজ করে একবেলা খায় আবার ৬০ টাকা হাজিরা পায়। তিনি বলেন, মিষ্টি কুমড়ার চাষ করে তারা ভালোই করেছে। ভবিষ্যতে ওই পদ্ধতিতে এখানে তরমুজ চাষ করা যেতে পারে।