পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক সরকার ভেঙে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। প্রদেশের রাজধানী কোয়েটায় গত বৃহস্পতিবারের ভয়াবহ বোমা হামলায় বহু প্রাণহানির পর শিয়া সম্প্রদায়ের দাবির মুখে এ পদক্ষেপ নেওয়া হলো। আজ সোমবার আল জাজিরা টেলিভিশনের অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী নওয়াব আসলাম রাইসানির সরকারকে বরখাস্ত করায় প্রদেশের শাসনক্ষমতা কেন্দ্রীয় সরকারের অধীনে চলে গেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী টেলিভিশন ভাষণে বলেছেন, ‘আমরা দুই মাসের জন্য বেলুচিস্তানে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত নিয়েছি।’ বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, কোয়েটায় ওই হামলায় কমপক্ষে ৯২ জন নিহত হন। সুন্নি উগ্রবাদীদের মদদপুষ্ট নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-জাংভি এ হামলার দায় স্বীকার করেছে।এরপর থেকে শিয়া সম্প্রদায়ের লোকজন মরদেহ নিয়ে আন্দোলন করে আসছিল। এ হামলার পর সম্প্রদায়টির মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দেয়।শিয়া কনফারেন্সের সভাপতি সৈয়দ দাউদ আগা বলেছিলেন, প্রাদেশিক সরকার ভেঙে প্রদেশের প্রশাসনিক ক্ষমতা সেনাবাহিনীর কাছে হস্তান্তরের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের লাশ দাফন করা হবে না।এই দাবির বিষয়ে শিয়া প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত ও পুরো সরকার ভেঙে দেন।