ভেঙে পড়তে পারে মিসরের রাষ্ট্রব্যবস্থা: সেনাপ্রধান
রাজনৈতিক সহিংসতার কারণে মিসরের রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। বিবিসি ও রয়টার্স জানায়, আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এ মন্তব্য করেন তিনি। জেনারেল ফাত্তাহ বলেন, রাজনৈতিক শক্তিগুলোর দ্বন্দ্ব ও মতভেদের কারণে ভবিষ্যত্ প্রজন্ম হুমকির মুখে পড়বে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, মিসর যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে, তা দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি।ফাত্তাহ আরও বলেন, সুয়েজ শহরে সেনা মোতায়েনের মূল উদ্দেশ্য সুয়েজ খালের নিরাপত্তা নিশ্চিত করা।চলমান সহিংসতা নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি পোর্ট সৈয়দ, ইসমাইলিয়া ও সুয়েজ শহরে এক মাসের জন্য জরুরি অবস্থা এবং রাত্রিকালীন কারফিউ জারি করেন। কিন্তু সে কারফিউ ভেঙে মিসরের কয়েকটি শহরে গতকাল সোমবার রাতে বিক্ষোভ করেছেন সরকারবিরোধীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত দুই বিক্ষোভকারী নিহত হন। ইসমাইলিয়া শহরের বিক্ষোভকারী খালিদ আলী বলেন, ‘আমরা কারফিউ প্রত্যাখ্যান করছি। প্রেসিডেন্ট মুরসি পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় কারফিউয়ের বিরোধিতা করতেন। এখন তিনিই কারফিউ জারি করছেন। আমরা সুয়েজ ও পোর্ট সৈয়দে আমাদের ভাইদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে রাস্তায় নেমেছি।’ এদিকে মিসরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে মুরসির আহ্বান প্রত্যাখ্যান করেছে প্রধান বিরোধী দলগুলোর জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট (এনএসএফ)। এই জোটকে ছাড়াই গতকাল সোমবার রাতে বৈঠক করেন মুরসি। এতে উদারপন্থী বলে পরিচিত একমাত্র বিরোধী নেতা আইমান নুর অংশ নেন। বৈঠক শেষে তিনি সংবাদমাধ্যমকে জানান, আগামী সপ্তাহে তাঁরা আবার আলোচনায় বসবেন।এনএসএফের অন্যতম নেতা মোহাম্মদ এল বারাদি সাংবাদিকদের বলেন, যেকোনো ধরনের সংলাপের আগে মুরসিকে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে হবে। সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হামদিন সাবাহি বলেন, ‘আমরাও সংলাপ চাই। কিন্তু সংলাপ যে সফল হবে, তার কোনো নিশ্চয়তা নেই।’এদিকে মিসরের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, এ ধরনের রক্তপাত গ্রহণযোগ্য নয়।হোসনি মোবারকের পতনের দুই বছর পূর্তিতে গত বৃহস্পতিবার মিসরের বিভিন্ন অঞ্চলে সরকার-সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মিসরের একটি ফুটবল স্টেডিয়ামে সহিংসতার ঘটনায় গত শনিবার আদালত ২১ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিলে সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধশত মানুষ প্রাণ হারান।