ভেঙে পড়ল উড়াল সেতুর গার্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন উড়াল সেতুর ২১ ও ২২ নম্বর পিলারের মাঝের একটি গার্ডার ধসে পড়েছে। এতে একজন রিকশাচালক আহত হলেও কোনো প্রাণহানি হয়নি। আজ শুক্রবার বেলা একটা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ওই সেতুর নিচ দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি।জানা যায়, সেতুটির দৈর্ঘ্য এক হাজার ৩৩২ মিটার আর প্রস্থ ১৪ মিটার। চার লেনের বহদ্দারহাট উড়াল সেতুর দুই পিলারের দূরত্ব ১৩০ ফুট। আর দুই পিলারের মধ্যে থাকে কংক্রিটের তৈরি সাতটি গার্ডার। এর মধ্যে ২১ ও ২২ নম্বর পিলারের মধ্যে দুইটি গার্ডারের কাজ শেষ হয়েছে। কিন্তু আজ বেলা একটা ২৫ মিনিটের দিকে একটি গার্ডার ধসে পড়ে। কক্সবাজার-বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামে যাওয়ার সময় এ রাস্তাটি ব্যবহার করতে হয়।আহত রিকশাচালক জাহাঙ্গীর জানান, সেতুটির পাশ দিয়ে যাওয়ার সময় বিকট শব্দ হয়। আস্তে আস্তে সেতুটির একটি গার্ডার খসে পড়ে যেতে দেখে তিনি তাঁর রিকশা নিয়ে একপাশে সরে যান। এ সময় রিকশায় থাকা দুই যাত্রী নেমে গিয়ে বেঁচে গিয়েছেন। তবে কংক্রিটের আঘাতে তিনি হাতে ও কোমরে ব্যথা পেয়েছেন। নগরের চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র ভৌমিক প্রথম আলো ডটকমকে জানান, বেলা দেড়টার দিকে বিশাল এ গার্ডারটি ধসে পড়ে। জুমার নামাজ থাকায় রাস্তায় তেমন লোকজন ছিল না। তাই কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ২০১০ সালের ডিসেম্বরে সেতুটির কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মির আক্তার এন্টারপ্রাইজ ও পারিশা এন্টারপ্রাইজ যৌথভাবে এই নির্মাণকাজ করছে।