ভেঙে পড়ল ১৩৭ ফুট লম্বা গার্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ভূকম্পন বা অস্বাভাবিক ঝড়ঝঞ্ঝা হয়নি। তার পরও গতকাল শুক্রবার আকস্মিকভাবে চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন উড়াল সড়কের (ফ্লাইওভার) বিশাল আকৃতির একটি গার্ডার (দুটি পিলারের মাঝামাঝি আড়াআড়িভাবে বসানো থামবিশেষ) ভেঙে পড়েছে। বেলা দেড়টার দিকে এটি ভেঙে পড়ায় বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতুর দিকে সাড়ে তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম নামের একজন রিকশাচালক আহত হয়েছেন। জুমার নামাজ থাকায় ওই সময় উড়াল সড়কের নিচ দিয়ে গাড়ি ও লোকজনের চলাচল তেমন ছিল না বলে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে জানা গেছে। গার্ডার ধসে পড়ার কারণ অনুসন্ধানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।কমিটির সদস্যরা হলেন সিডিএর একজন প্রকৌশলী, ঠিকাদারিপ্রতিষ্ঠানের পরামর্শক এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ প্রতিনিধি। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানাতে চায়নি সিডিএ কর্তৃপক্ষ।গতকাল দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চান্দগাঁও থানা ভবনের সামনে আর বসুন্ধরা কমিউনিটি সেন্টারের বিপরীতে সড়কের ওপর গার্ডারটি পড়ে আছে। উড়াল সড়কের ২১ ও ২২ নম্বর পিলারের মাঝামাঝি ছিল গার্ডারটি। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে শত শত উৎসুক জনতা ভিড় করেছিল। আহত রিকশাচালক জাহাঙ্গীর আলম ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, দুজন যাত্রী নিয়ে তিনি কালামিয়া বাজার থেকে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলেন। উড়াল সড়কের কাছাকাছি আসার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান। উড়াল সড়কের ওপর থেকে তিনি একটি গার্ডার ভেঙে পড়তে দেখেন। জাহাঙ্গীর বলেন, মুহূর্তের মধ্যে তিনি রিকশা সরিয়ে নেন। তিনি ও দুই যাত্রী লাফ দিয়ে রক্ষা পান। তবে ভেঙে পড়া গার্ডারের কনক্রিট ছিটকে পড়লে তিনি আহত হন। এতে তাঁর রিকশার একটি চাকা ভেঙে যায়।সিডিএ সূত্র জানায়, উড়াল সড়কের ২১ ও ২২ নম্বর পিলারের (স্প্যান) মাঝামাঝির ভেঙে পড়া এই গার্ডারটির দৈর্ঘ্য ৪২ মিটার বা ১৩৭ ফুট, প্রস্থ সাত ফুট ও পুরুত্ব আড়াই ফুট। উড়াল সড়কের দুই পিলারের মাঝে সাতটি করে গার্ডার থাকে। ২১ ও ২২ নম্বর পিলারের মাঝখানে সাতটির মধ্যে দুটির নির্মাণকাজ শেষ হয়। আরও দুটি নির্মাণাধীন ছিল। ভেঙে পড়া গার্ডারটির নির্মাণকাজ শেষ হয় কিছু দিন আগে।গতকাল দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘দুটি পিলারের মাঝে বসানো গার্ডারগুলোর মধ্যে ক্রস গার্ডার (লোহার রড দিয়ে সংযোগ) দিতে হয়। ক্রস গার্ডারের কাজ শেষ করার আগে ওজন ধরে রাখার জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকা দরকার ছিল। এটির তা ছিল বলে মনে হচ্ছে না। এ কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমার ধারণা।’ সরেজমিনে দেখা গেছে, উড়াল সড়কের নির্মাণাধীন গার্ডারের পাশে ক্রস গার্ডার নেই। ঘটনাস্থলের কাছেই প্রকল্পের একটি কার্যালয় থাকলেও গতকাল দুপুরে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘গার্ডার ধসে পড়ার কারণ আমরা এখনো জানি না। জুমার নামাজের কারণে ঘটনার সময় মানুষ ও যানবাহনের চলাচল ছিল না বলে বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে যাঁর গাফিলতি থাকুক না কেন প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’যোগাযোগ করা হলে প্রকল্প পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমানও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। সিডিএর নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন উড়াল সড়কটি নির্মাণ করছে ঠিকাদারিপ্রতিষ্ঠান মির আকতার-পারিসা (জেভি)।মির আকতার-পারিসার (জেভি) ব্যবস্থাপনা পরিচালক আবদুর রাজ্জাকের মুঠোফোনে বারবার ফোন দিলেও তিনি ফোনের সংযোগ কেটে দেন। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ২০১০ সালের ডিসেম্বরে উড়াল সেতুর নির্মাণকাজের প্রক্রিয়া শুরু হয়। মূল কাজ শুরু হয় ২০১১ সালের মার্চ থেকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে এটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। উড়াল সড়কের দৈর্ঘ্য ১ দশমিক ৩৩২ কিলোমিটার, আর প্রস্থ ১৪ মিটার বা ৪৬ ফুট। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে ১০৬ কোটি টাকা। যানজট: গতকাল দুপুরে গার্ডার ভেঙে পড়ার পর কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রাম পথের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ নিরাপত্তার স্বার্থে বেলা দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দিলে যানজটের সৃষ্টি হয়। পরে সড়কের দক্ষিণ দিকে সীমিতভাবে আবার গাড়ি চলাচল শুরু হয়। তবে সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কের উত্তর লেনে গাড়ি চলাচল বন্ধ ছিল। কক্সবাজারগামী যাত্রী আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার কারণে আমি তিন ঘণ্টা আটকা পড়ি। কারণ, রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। এতে আমরা ভোগান্তির শিকার হই।’ চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ রেখেছি। এতে সাময়িক যানজট হয়। তবে বিকেলে সড়কের একটি লেন দিয়ে আবার গাড়ি চলাচল শুরু হয়েছে।’