ভেঙে পড়েছে পণ্য সরবরাহব্যবস্থা
রাজনৈতিক অস্থিরতায় ভোগ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় বেশির ভাগ পণ্যেরই সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। এতে একদিকে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যেমন গুনছে বিপুল অঙ্কের লোকসান, অন্যদিকে সাধারণ মানুষের হাতে পৌঁছতে পারছে না এসব পণ্য।বিভিন্ন পর্যায়ের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্য সরবরাহ করতে না পারায় অনেক প্রতিষ্ঠানই তাদের উৎপাদন কমিয়ে দিয়েছে। তৈরি পণ্য কারখানায় রেখে দিতে হচ্ছে। আবার অনেক প্রতিষ্ঠানের কাঁচামাল সীমান্তবর্তী এলাকায় পড়ে থাকলেও সেগুলো ছাড় করিয়ে আনতে সক্ষম হয়নি।সরকারের মেয়াদের শেষ বছরে রাজনৈতিক অস্থিরতা দেশে ২০ বছর ধরে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। প্রতিটি সরকারের শেষ সময়ে ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে হরতাল, সহিংসতার ঘটনা ঘটছে। তবে এবার সহিংসতার তীব্রতা বেশি এবং পণ্য পরিবহনেও বাধা দেওয়া হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, প্রতিবারের মতো সরকারের শেষ সময়ে এসে এই ধরনের অস্থির রাজনৈতিক পরিস্থিতি দেশের ভাবমূর্তি নষ্ট করে, যা অর্থনীতির ওপরও নানামুখী নেতিবাচক প্রভাব ফেলে। এ জন্য দেশের বৃহত্তর স্বার্থে ভবিষ্যৎ রাজনীতির গতিধারার প্রকৃতি নির্ধারণে, বিশেষ করে দুই বড় রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য হতে হবে। গত সপ্তাহে টানা তিন দিনসহ চার দিন হরতাল পালিত হয়েছে। এর বাইরে ঘটেছে প্রাণহানি। আবার রাস্তা অবরোধ, ট্রেনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। গত কয়েক দিনের বিভিন্ন ধরনের অবকাঠামোরও ক্ষতি হয়েছে। এতে বিপর্যস্ত হচ্ছে দেশের অর্থনীতি। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা বলছেন, আগে হরতালে রাতের বেলায় হলেও নানাভাবে পণ্য সরবরাহ নিশ্চিত করা হতো। কিন্তু সাম্প্রতিক হরতালগুলো সহিংস রূপ নেওয়ায় এবার সেটিও সম্ভব হয়নি। উৎপাদিত পণ্য সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে না পারায় প্রতিদিনই প্রতিষ্ঠানগুলোকে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিবারের মতো এবারও সরকারের শেষ সময়ে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা তৈরি হয়েছে। এবারও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। দেশ একটি সংকটের মুখে পড়তে যাচ্ছে। তাঁর মতে, এই ধরনের পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য তৈরির প্রয়োজন রয়েছে।পণ্য যাচ্ছে না: বিস্কুট, চানাচুর, স্ন্যাকস, মসলা, তরল দুধ, জুস, চালসহ নানা ধরনের ভোগ্যপণ্য প্রস্তুত ও বাজারজাত করে প্রাণ-আরএফএল গ্রুপ। ভোগ্যপণ্য বাজারজাতকারী এই প্রতিষ্ঠান হরতালে সারা দেশে তাদের পরিবেশকদের কাছে পণ্য পৌঁছাতে পারেনি।প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমাদের বেশির ভাগই ভোগ্যপণ্য। তাই আমরা চেষ্টা করেছি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে। তার পরও স্বাভাবিক সময়ে যত পণ্য সরবরাহ করি, হরতালের তিন দিনে তার মাত্র ২০ শতাংশ সরবরাহ করতে পেরেছি।’বাজারে যত তরল দুধ পাওয়া যায়, তার ৬০ শতাংশেরও বেশি সরবরাহ করে মিল্ক ভিটা। প্রতিষ্ঠানটি প্রতিদিন দেড় থেকে দুই লাখ লিটার তরল দুধ বাজারজাত করে। আর সমবায়ীদের কাছ থেকে দুধ সংগ্রহ করে দুই লাখ ৪০ হাজার লিটার।মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, তিন দিনের হরতালে প্রায় চার লাখ লিটার দুধ সারা দেশে সরবরাহ করা সম্ভব হয়নি। হরতালের কারণে তরল দুধ বিক্রি বাবদ প্রতিদিন ৯০ লাখ টাকা এবং দই, মাখনসহ অন্যান্য পণ্য বিক্রি বাবদ ১০ লাখ টাকা করে ক্ষতি হয়েছে।টানা হরতালে পরিবেশকদের কাছ থেকে নেওয়া চাহিদাপত্র অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারেনি বহুজাতিক প্রতিষ্ঠান গোদরেজ। প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন প্রধান মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘২৮ ফেব্রুয়ারি পরিবেশকদের কাছ থেকে প্রায় ৭০ ট্রাক পণ্য সরবরাহের চাহিদাপত্র নেওয়া হয়েছিল। দুই দিনের মধ্যে তা সরবরাহের কথা থাকলেও বৃহস্পতিবার পর্যন্ত সাত দিনে সরবরাহ হয়েছে মাত্র ২৫ ট্রাক পণ্য। এমনিতেই আমাদের কোম্পানির আর্থিক বছর শেষ হয় মার্চ মাসে। সেই হিসাবে এই মাসেই সবচেয়ে বেশি পণ্য বাজারজাত করার পরিকল্পনা থাকলেও এখন চাহিদার জোগানই দেওয়া সম্ভব হচ্ছে না। বাড়তি পণ্য বিক্রি তো পরের বিষয়।’বাংলাদেশ এডিবল অয়েলের (রূপচাঁদা ব্র্যান্ড) ভোজ্যতেল পরিশোধনকারী কারখানাটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ওই কারখানা থেকে প্রতিদিন ৩৫ থেকে ৪০টি ট্রাক তেল নিয়ে ছেড়ে যায়। কিন্তু টানা তিন দিনের হরতালে একটি ট্রাকও ছেড়ে যায়নি। ফলে প্রায় ১০০ ট্রাকের মতো তেল কারখানায় জমে আছে।প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরিবেশকদের হাতে তিন থেকে চার দিনের তেল মজুত থাকে। কিন্তু টানা হরতালে তিন দিন তাদের তেল দেওয়া যায়নি। তিন দিন পর এক দিন যে বিরতি ছিল, সেদিন আমরা পর্যাপ্ত ট্রাক পাইনি। সে কারণে সরবরাহও ছিল কম।’নিজের প্রতিষ্ঠানের পণ্য সরবরাহ পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ‘এবারের হরতালের কারণে আমাদের সব ধরনের পণ্য সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে। তেল, চিনি থেকে শুরু করে ইস্পাত পণ্য—কোনোটিই কারখানা থেকে কোথাও পাঠানো সম্ভব হয়নি। এতে ব্যবসায়িকভাবে আর্থিক যে ক্ষতি হয়েছে, তা পূরণের কোনো উপায় এখনো খুঁজে পাচ্ছি না।’শুধু ঢাকার বড় বড় শিল্পপ্রতিষ্ঠানেরই যে দুরবস্থা তা নয়, বিপর্যস্ত ঢাকার বাইরের ব্যবসায়ীরাও। কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় চাল সরবরাহ হয়। হরতালের কারণে টানা তিন দিন এসব এলাকার মিলমালিকেরা চাল সরবরাহ করতে পারেননি। তবে হরতাল শেষ হওয়ার পরই মিলমালিকেরা কিছু চাল সরবরাহ করেছেন।কুষ্টিয়ার বড় অটো রাইস মিল রশিদ এগ্রো-প্রোডাক্টস লিমিটেডের স্বত্বাধিকারী আবদুর রশিদ প্রথম আলোকে জানান, মিল থেকে প্রতিদিন চালবোঝাই ট্রাক সাত-আটটি ট্রাক সারা দেশে পাঠানো হয়। প্রতি ট্রাকে চাল থাকে ১৫ থেকে ১৬ টন। তিন দিনের হরতালে একটি ট্রাকও কারখানা থেকে যায়নি।উৎপাদনও কমে গেছে: প্রাণের কামরুজ্জামান বলেন, হরতালের কারণে উৎপাদন কমিয়ে দিতে হয়েছে। বিশেষ করে তরল দুধ সংগ্রহ করা সম্ভব হয়নি। সে কারণে উৎপাদনও অনেকটাই বন্ধ ছিল। আবার আরএফএলের বিভিন্ন সামগ্রী, কনফেকশনারি পণ্য, স্ন্যাকস পণ্য যেসব ক্ষেত্রে বেশি শ্রমিকের প্রয়োজন, সেসব ক্ষেত্রে উৎপাদন প্রায় বন্ধ ছিল।রূপচাঁদার শোয়েব মো. আসাদুজ্জামান বলেন, ‘হরতালে সরবরাহ বিঘ্নিত হলেও কারখানায় উৎপাদন ঠিকই হয়েছে। সে কারণে অনেক বোতলজাত তেল জমে গেছে। সে কারণে এখন কারখানার উৎপাদন কমিয়ে দিতে হয়েছে। এই তেল সরবরাহ না করা পর্যন্ত পুরোদমে উৎপাদন শুরু করতে পারছি না।’