ভেঙে পড়েছে সাংস্কৃতিক বলয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ (টিএসসি) শিক্ষার্থীদের আবাসিক হলগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখর ছিল। গড়ে উঠেছিল একটি সাংস্কৃতিক বলয়। ইদানীং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্থবিরতা বিরাজ করছে।বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বলছেন, দুই দশকেরও বেশি সময় ধরে ডাকসুর নির্বাচন হচ্ছে না। আর শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিকল্পিত ও কার্যকর কোনো উদ্যোগ নেই। মূলত, এই দুটি বিষয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের স্থবিরতার জন্য দায়ী। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিবরণী ঘেঁটে দেখা যায়, প্রথম দিকে শিক্ষার্থীরা আবাসিক হলকেন্দ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন। পরবর্তী সময়ে টিএসসি ও ডাকসুর উদ্যোগে এসব কর্মকাণ্ড হতো। তবে বিশ্ববিদ্যালয়ের এখনকার ছবিটা ঠিক উল্টো। ২০০৫ সালে সর্বশেষ অনুষ্ঠানটি হয়েছিল এফ রহমান হলে। এর পর থেকে ছাত্রাবাসগুলোতে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি। তবে সংস্কৃতিচর্চার ধারাবাহিকতা কিছুটা রক্ষা করছে ছাত্রীদের চারটি আবাসিক হল। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময়ে বছরজুড়ে সাংস্কৃতিক আবহ বিরাজ করত। টিএসসিকেন্দ্রিক ছাত্র-শিক্ষক সংগীতগোষ্ঠী, নাট্যগোষ্ঠী ও লেখকগোষ্ঠী ছিল অত্যন্ত সক্রিয়। হলগুলোতে নিয়মিত বার্ষিক নাটক ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো। এখন কিছুই হয় না। এটি অত্যন্ত বিস্ময়কর ও দুঃখজনক। টিএসসির পরিচালক আলমগীর হোসেন বলেন, এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেড়েছে। তাই টিএসসিকেন্দ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ড চালানো কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়।সংস্কৃতিচর্চার শুরুর কথা: বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বিবরণী ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রকাশনা সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘেঁটে দেখা যায়, প্রথম দিকে নাট্যচর্চা দিয়ে আবাসিক হলগুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয়। ১৯২২ সালে তৎকালীন ঢাকা হল ও জগন্নাথ হল ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ে প্রথম নাটক মঞ্চস্থ করে। নাটকটি ছিল জগন্নাথ হলের প্রতিষ্ঠাতা প্রাধ্যক্ষ নরেশচন্দ্র সেনগুপ্তর লেখা আনন্দ-মন্দির। ১৯৩৩ সালে সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদের উদ্যোগে মহুয়া নাটকের ‘মহুয়া’ চরিত্রে প্রথম নাচ সংযোজিত হয়। ইংরেজ উপাচার্য ডব্লিউ এ জেনকিনসের অনুমোদন নিয়ে ১৯৫৪-৫৫ শিক্ষাবর্ষে নাটকে অংশ নেন ছাত্রীরা। অবশ্য এর আগে, অর্থাৎ ১৯৪৭-এর দেশভাগের পর তদানীন্তন পূর্ব পাকিস্তানে সংগীতচর্চায় মুসলিম ছাত্রীদের পদচারণ শুরু হয়।সংস্কৃতিচর্চায় ওই সময় প্রগতিশীল সংগঠন ‘সংস্কৃতি সংসদ’-এর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। প্রগতিশীল এই সংগঠনটি নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক মঞ্চায়ন, আবৃত্তি অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করত। গতি নেই টিএসসিকেন্দ্রিক সংস্কৃতিচর্চায়: সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার সম্মিলন ঘটায় টিএসসি। ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর টিএসসিকে ঘিরে ডাকসু, আবাসিক হল ও বিভিন্ন বিভাগ সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করে।১৯৬৩ সালে টিএসসির তৎকালীন পরিচালক এ জেড খানের (বেবী জামান) তত্ত্বাবধানে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য ‘সংগীত ও নাট্যগোষ্ঠী’ গঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এখানে নাটক মঞ্চায়ন ও সংগীতচর্চা করতেন। রামেন্দু মজুমদার, আগা কোহিনুর আলম, কাজী নাসির বিভিন্ন সময়ে সংগীত ও নাট্যগোষ্ঠীর দায়িত্বে ছিলেন। ১৯৭১ সাল পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে সংগীতানুষ্ঠান, উচ্চাঙ্গসংগীতের আসর, নাট্য কর্মশালা, নাট্যোৎসবের আয়োজন করেন। অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক রফিকুল ইসলাম, লিলি চৌধুরী ছাড়াও নাট্যকার আসকার ইবনে শাইখ, আবদুল্লাহ আল-মামুন, হুমায়ূন আহমেদ এসব নাটক রচনা ও পরিচালনা করেন। টিএসসির পরিচালক আলমগীর হোসেন বলেন, শিক্ষকেরা আগে নিজ উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড করতেন। এখন তাঁরা নিজেদের ক্লাব নিয়েই ব্যস্ত থাকেন। তাই শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলনও আর হয় না। টিএসসিকে ঘিরে ব্যবসা: টিএসসিকে ঘিরে এখন সংস্কৃতিচর্চার নামে ব্যবসা করছে বেশ কিছু সংগঠন। টাকা নিয়ে তারা আয়োজন করছে প্রশিক্ষণের। এই সংগঠনগুলোতে বহিরাগতদের আনাগোনাই বেশি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, টিএসসি কর্তৃপক্ষ এদের ‘সময় হিসেবে’ জায়গা বরাদ্দ দেওয়ায় তাঁরা ভোগান্তিতে পড়েন। বিভাগের নবীনবরণসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে গিয়ে তাঁরা জায়গা পান না।২০০৭ সালে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিএসসিকেন্দ্রিক সাংস্কৃতিক কার্যক্রম ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। ওই বছর মাসব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হলেও গত চার বছরে তাও বন্ধ রয়েছে। সংগঠনের আড়ালে কক্ষ দখল: ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই হঠাৎ করে টিএসসিতে নতুন নামের সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠতে দেখা যায়। এসব সংগঠনের বেশির ভাগেরই কোনো কার্যক্রম চোখে পড়ে না। বর্তমানে ১৩টি সংগঠনের টিএসসিতে কক্ষ রয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আছে মাত্র সাতটির। স্পন্দন ’৭১, স্লোগান ’৭১, বাংলার মুখ, প্রভাতফেরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাংস্কৃতিক ইউনিয়ন—এই ছয়টি সংগঠন অনুমোদনহীনভাবে কক্ষ দখল করে আছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে এসব কক্ষ ছিল ঢাবিশাস, কমল, সেবা, ডুমা নামের সংগঠনগুলোর। নির্দিষ্ট কক্ষ নেই—এমন আরও ৪০টির মতো সংগঠন সাংস্কৃতিক কার্যক্রম টিএসসিতে পরিচালনা করে।ছাত্রহলে বন্ধ সাংস্কৃতিক কর্মকাণ্ড: ১৯৮৫ সালের ২৩ নভেম্বর হলের ছাত্র সংসদ ভেঙে দেওয়া হয়। তখন হল সংসদ না থাকায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের নিয়ে আবাসিক শিক্ষকেরা একটি কমিটি গঠন করতেন। ওই কমিটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করত।তবে ছাত্রদের কোনো হলে এখন এ রকম কোনো কমিটি নেই। দীর্ঘদিন সাংস্কৃতিক কর্মকাণ্ড না হওয়ায় হলের মিলনায়তনগুলো অনেকটাই পরিত্যক্ত। হাজী মুহম্মদ মুহসীন হল ও সূর্য সেন হলের মিলনায়তনে এখন সপরিবারে থাকছেন হলের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। সূর্য সেন হলের প্রাধ্যক্ষ খন্দকার আশরাফ হোসেন বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারণাই এখন পাল্টে গেছে। আগে যেসব অনুষ্ঠানকে সাংস্কৃতিক অনুষ্ঠান মনে করা হতো, এখন তারা সেসব অনুষ্ঠান চায় না।প্রয়োজন কার্যকর ডাকসু: ডাকসু একসময় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ড সমন্বয় করত। ১৯৯০ সালের ৬ জুলাই সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল। দুই দশকেরও বেশি সময় ধরে ডাকসু না থাকায় সবকিছু স্থবির হয়ে পড়েছে। ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, হলগুলোতে ছাত্র সংসদই সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করত। তারা ব্যর্থ হলে ডাকসু সহায়তা করত। কিন্তু ডাকসু কিংবা হল সংসদ—কোনোটাই না থাকায় সংস্কৃতিচর্চা এখন বেহাল। তাই অবিলম্বে ডাকসু নির্বাচন প্রয়োজন।