ভেঙে ফেলা হলো বগুড়ার কারুপল্লী
বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে ওঠা প্রয়াত বগুড়ার কারুশিল্পী আমিনুল হকের ‘কারুপল্লী’ ভেঙে ফেলা হলো। কারুপল্লীর জায়গা বিক্রি হওয়ায় তা ভেঙে ফেলা হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে বিনোদনকেন্দ্রটি। শিশুসহ বয়স্করাও বঞ্চিত হলো আদিম সভ্যতা আজবগুহাসহ বিভিন্ন জীবজন্তুর নির্দশন দেখা থেকে। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের নবাববাড়ী রোডে নওয়াব বাড়িটি ইতিহাসের সাক্ষী। সাড়ে নয় বিঘা জমিজুড়ে বিশাল নওয়াব বাড়িটির ব্রিটিশ আমলে নাম ছিল কুঠিবাড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, অবিভক্ত পাকিস্তানের কৃষি, শিক্ষা, শিল্পমন্ত্রী নওয়াব বাহাদুর নবাব আলী চৌধুরী ও অবিভক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর স্মৃতিবিজড়িত এই ‘নওয়াববাড়ি’। বর্তমানে এই কুঠিবাড়ির নাম দেওয়া হয়েছে ‘দি মোহাম্মদ আলী প্যালেস অ্যান্ড মিউজিয়াম’। এই নওয়াবাড়িকে দেখতে আসেন ব্রিটিশসহ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরা। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পর্যটকেরা এক নজর মোহাম্মদ আলীর বাড়ি দেখার জন্য ভিড় জমান। মোতোয়াল্লি রায়হান চৌধুরীর পক্ষে তাঁর পরিচালক মানিক সেখ জানান, ঢাকার রানার গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নওয়াববাড়ির সামনের কারুপল্লী অংশের ৫০ শতক জায়গা মাত্র ছয় কোটি টাকায় কিনে নেন মোহাম্মদ আলীর ছেলে হামদে আলীর কাছ থেকে। জায়গাটির বর্তমান মূল্য ৫০ কোটি টাকার অধিক বলে তিনি মনে করেন। ১৮৯০ সালে ৮ মার্চে বগুড়ার নবাব এস্টেটের সাবেক মালিক সৈয়দদানী তহুরুন নেছা, বিবি চৌধুরী রানী ২০৬ মৌজার সম্পত্তি ওয়াকফ করে যান। ওই ২০৬ মৌজার মধ্যে সূত্রাপুর মৌজার সম্পত্তি অন্তর্ভুক্ত রয়েছে, যার সাবেক সিএস খতিয়ান নম্বর ১২০৬ ও এমআর খতিয়ান নম্বর ১৭০৪, দাগ নম্বর ১৭০৮। জমির পরিমাণ ৩ দশমিক ৪২৭৫ একর। এই জায়গার মধ্যে রয়েছে কারুপল্লীসহ অন্যান্য ভবন। অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি হামদে আলী বিক্রি করায় নবাব এস্টেটের মোতোয়াল্লি জেলা যুগ্ম জজ প্রথম আদালতে ইনজাংশন চেয়ে আবেদন করেছেন। কারুপল্লী সূত্রে জানা গেছে, বিক্রি হয়ে যাওয়া জায়গাটিতে কারুপল্লীটি নির্মাণ করেছিলেন শিল্পী আমিনুল ইসলাম। সেখানে রয়েছে ৪০টি কৃত্রিম জীবজন্তু। আরও রয়েছে মানবসভ্যতার ক্রমবিকাশের রূপ ‘মানব গুহা’। দেশের বিভিন্ন স্থান থেকে শিশুরাসহ পর্যটকেরা আসেন ওই কারুপল্লী দর্শনে। বর্তমানে বিক্রি হওয়ার পর ওই কারুপল্লী ভেঙে ফেলা হয়েছে। ঢাকার রানার গ্রুপের বগুড়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, ‘হামদে আলী চৌধুরীর সরবরাহকৃত কাগজের সত্যতা অনুযায়ী আমরা বৈধভাবে ৫০ শতক জায়গা কিনেছি।’নওয়াব এস্টেটের মোতোয়াল্লি রায়হান চৌধুরীর আইনজীবী আনিছুর রহমান জানান, হামদে আলী চৌধুরী যে জায়গাটি রানার গ্রুপের কাছে বিক্রি করেছেন, তা কাগজ-কলম অনুয়ায়ী ওয়াকফ এস্টেটের সম্পত্তি। এ সম্পত্তি তিনি বিক্রি করতে পারেন না। শুনানি পর্যন্ত ওই জমির ওপর হাইকোর্টের টেটাসকো রয়েছে। সুতরাং শুনানির আগে কোনো পক্ষই ওই জমিতে যেতে পারবে না। বগুড়া পুলিশ লাইনস স্কুল ও কলেজের প্রভাষক বলেন, ঢাকার আহছান মঞ্জিলের মতো বগুড়ার নওয়াববাড়িকে সংরক্ষণ করা উচিত। কেননা ইতিমধ্যেই উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এই বিনোদনকেন্দ্র ও স্টুডিও ভেঙে ফেলা হয়েছে। এরপর যদি নওয়াববাড়িটি সংরক্ষণ করা না হয়, তাহলে ২০০ বছরের ইতিহাসও একদিন ধ্বংস হয়ে যাবে।