ভেঙে ফেলা হয়েছে সেই সেতুর ফটক
পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শুলাকুড়া গ্রামে বিল গাজনার ওপর নির্মিত সেই সেতুর লোহার ফটক ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে গত শনিবার বিকেলে ফটকটি ভাঙা হয়।এলজিইডি গ্রামবাসীর চলাচলের জন্য ২০০৪ সালে সেতুটি নির্মাণ করে। সেতুর এক প্রান্ত-সংলগ্ন বাড়িটি এলজিইডির প্রধান কার্যালয়ের উচ্চমান সহকারী (ইউডি) মো. নজরুল ইসলামের। প্রায় দেড় বছর আগে বাড়িটির লোকজন সেতুর ওই বাড়ির প্রান্তে ফটক নির্মাণ করেন। ফটক রাখা হতো তালাবদ্ধ। কেবল ওই বাড়ির লোকজন প্রয়োজনের সময় তালা খুলে সেতুটি দিয়ে চলাচল করতেন। এ জন্য গ্রামবাসী এর নাম দেয় ‘পারিবারিক সেতু’। এই সেতুর কিছু দূরে কয়েক মাস পর নির্মিত অপেক্ষাকৃত ছোট একটি সেতু দিয়ে চলাচল করে গ্রামের বাকি মানুষ। এ নিয়ে শনিবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।এলজিইডির সুজানগর কার্যালয় সূত্র জানায়, প্রতিবেদন প্রকাশের পর এলজিইডির পাবনার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের সুজানগর উপজেলা কার্যালয়কে সেতুর ফটক ভেঙে ফেলার নির্দেশ দেন। সে অনুযায়ী সুজানগর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম ও সহকারী প্রকৌশলী শহিদুল হকের নেতৃত্বে একটি দল শনিবার বেলা দুইটার দিকে শুলাকুড়া গ্রামে যায়। তাঁরা ঘটনার সত্যতা দেখে ওই পরিবারকে ফটকটি ভেঙে ফেলার নির্দেশ দেন। এ সময় পরিবারের সদস্যরা ফটক ভেঙে ফেলেন এবং সেতু দিয়ে গ্রামের অন্যদের চলাচল নিশ্চিত করেন।এলজিইডির পাবনার নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘খবরটি প্রকাশের পরই আমরা এ ব্যাপারে ত্বরিত ব্যবস্থা নিয়েছি। শনিবার বিকেলে সেতুর ফটক ভেঙে ফেলা হয়েছে। রোববার সকালে আমি ওই এলাকা পরিদর্শন করেছি। এলাকাবাসী এখন স্বাচ্ছন্দ্যে সেতু দিয়ে চলাচল করতে পারছে।’সেতু ফটকমুক্ত হওয়ায় শুলাকুড়া গ্রামের এনামুল হক বলেন, ‘কোনো অনিয়মই স্থায়ী হয় না। সেতুটি নিয়ে গ্রামবাসীর মনে চাপা ক্ষোভ ছিল। শেষ পর্যন্ত এটি ফটকমুক্ত হওয়ায় আমরা খুশি।’