ভেঙে যাচ্ছে কদমতলা ঘাট প্রাচীন মন্দির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করতোয়া শাখানদীর ভাঙনে উল্লাপাড়া পাটবন্দরের কদমতলা ঘাট ভেঙে যাচ্ছে। গত দুই বছরে বাংলাদেশ পাট করপোরেশনের (বিজেসি) উল্লাপাড়া শাখা অফিসের দুটি পাটগুদাম, পাট কর্মকর্তার বাসভবন, শ্রমিকদের মেস ও নৌকা থেকে পাট নামানোর বড় জায়গা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী এখন বিজেসির মূল অফিস ও পাটবন্দরের কালী মন্দিরে আঘাত হানছে। একই সঙ্গে কালী মন্দিরের পাশ দিয়ে যাওয়া উল্লাপাড়া পৌরসভার নালার পানি নদীতে গড়িয়ে পড়ায় দুই থেকে তিন বছরে মন্দির চত্ব্বরের একাংশ ভেঙে মন্দিরটি এখন ঝুঁকির মধ্যে পড়েছে।উল্লাপাড়ার পাটবন্দরের বাসিন্দারা জানান, করতোয়া শাখানদীর ভাঙনে বিগত বছরে পাটবন্দরের বিরাট অংশ নদীর মধ্যে চলে গেছে। শুধু ঘরবাড়ি নষ্ট হয়েছে তা নয়, একই সঙ্গে পাটবন্দর বণিক সমিতির লাগানো অনেক গাছও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কিন্তু ভাঙন প্রতিরোধে উল্লাপাড়া উপজেলা প্রশাসন বা পৌরসভা কোনো ব্যবস্থাই নেয়নি। ফলে নদী ভাঙছেই।উল্লাপাড়ার বিশিষ্ট পাট ব্যবসায়ী বন্দর কালী মন্দিরের সেবাইত সুশীল আগরওয়ালা জানান, পৌরসভা অপরিকল্পিতভাবে নালা নির্মাণ করা এবং নালার মুখ নদীর তলদেশ পর্যন্ত সম্প্রসারিত না করায় গোটা বন্দর এলাকার মানুষের ব্যবহূত পানি ও বৃষ্টির পানি গড়িয়ে নদীতে পড়ার কারণে কদমতলা ঘাটের কালী মন্দিরসংলগ্ন বিরাট অংশ ভেঙে গেছে। অবিলম্বে নালা সম্প্রসারণ এবং ভাঙা অংশ মেরামত না করা হলে প্রাচীন মন্দিরটি নদীগর্ভে ভেঙে পড়ার আশঙ্কা করছেন তাঁরা।উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম জানান, ইতিমধ্যেই তিনি পাটবন্দরের কদমতলা ঘাটের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।কদমতলা ঘাট ও মন্দির চত্ব্বরে ভাঙন প্রসঙ্গে উল্লাপাড়া পৌরসভার মেয়র মারুফ বিন হাবিব জানান, ঐতিহ্যবাহী কালী মন্দির ও পাটবন্দর রক্ষায় পৌরসভার চলতি অর্থবছরের উন্নয়ন প্রকল্পের অর্থে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হবে। মেয়র এ ব্যাপারে পাটবন্দরের বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।