ভেজাল প্যারাসিটামলে শিশুর মৃত্যু, পলাতক আফজার পাশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অ্যাডফ্লিম ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তৈরি ভেজাল প্যারাসিটামল সিরাপ পান করে ১৯৯১ সালে শিশুমৃত্যুর ঘটনায় করা মামলার পলাতক আসামি আজফার পাশার বিরুদ্ধে আদালত আজ মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।গত ১২ জানুয়ারি আসামি আফজার পাশার স্থায়ী জামিনদার খিলগাঁও এলাকার আবুল হাসনাতের প্রতি নোটিস জারি করেছিলেন আদালত। আজ মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল। আফজার পাশা আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত আগামী ১৪ মার্চের মধ্যে আসামিকে গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।আজ থেকে ১৮ বছর আগে মামলাটির বিচার শুরু হয়েছিল। ২০০৭ সালের ৫ নভেম্বর হাইকোর্ট মামলাটির ওপর জারি স্থগিতাদেশ বাতিল করে তা নিম্ন আদালতে পাঠান। এরপর বিচারকের সামনে মামলার নথি উপস্থাপন না করেই কেটে যায় দুই বছর। গত বছরের ২০ অক্টোবর বাত্সরিক আদালত পরিদর্শনের সময় সেরেস্তার আলমিরায় মামলাটির নথির সন্ধান পাওয়া যায়। ওই দিন সাবেক বেঞ্চ সহকারী আবদুল হককে হাইকোর্ট থেকে নথি পাঠানোর পরও কেন তা বিচারকের সামনে উপস্থাপন করা হয়নি, তা জানতে চেয়ে কারণ দর্শাতে বলেন ড্রাগ আদালতের সাবেক বিচারক গোলাম মর্তুজা মুজমদার।আদালত সূত্র জানায়, সাবেক বেঞ্চ সহকারী আবদুল হক এখনো এ বিষয়ে কারণ দর্শাননি।সরকার পক্ষের কৌঁসুলি মাহামুদ হোসেন প্রথম আলোকে জানান, ১৮ বছর আগে এ মামলার বিচারকাজ শুরু হয়েছিল। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এত দিন মামলার কার্যক্রম স্থগিত ছিল। ২০০৭ সালে হাইকোর্ট মামলার স্থগিতাদেশ বাতিল করে নিম্ন আদালতে বিচারের জন্য নথি পাঠিয়ে দেন।১৯৯০-৯১ সালে শেরে বাংলা নগর শিশু হাসপাতালে মেসার্স অ্যাডফ্লিম ফার্মাসিউটিক্যালের প্যারাসিটামল সিরাপ পান করে কয়েকজন শিশু মারা যায়। এ ঘটনায় ১৯৯২ সালে ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্কালীন কর্মকর্তা আবুল খায়ের চৌধুরী বাদী হয়ে ঢাকার ড্রাগ আদালতে মামলাটি করেন।