ভেজাল রোধে রমজানে ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পবিত্র রমজান মাসে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া খাদ্যে যাতে ভেজাল মেশানো না হয়, সে জন্য সারা মাস ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠক শেষে সাহারা খাতুন এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘসূত্রতার কারণে অনেক মামলার বিচার হয় না। মামলার সাক্ষীকে যাতে দ্রুত হাজির করা যায়, সে ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে যেখানে উড়ালসেতু আছে, সেখানে বাইপাস সড়ক করা যায় কি না, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। এদিকে বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, খাদ্যে ভেজাল রোধে আইন আরও কঠোর করা যায় কি না, সরকার তা নিয়ে চিন্তাভাবনা করছে। দরকার হলে আইন সংশোধন করা হবে বলে তিনি জানান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, রাজধানীর ফুটপাতগুলো থেকে হকারদের উচ্ছেদ করা হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের সবার সঙ্গে কথা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।