ভেজাল সারের তিনটি কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের রাজাসন ও দেওগাঁও এলাকার তিনটি সার কারখানায় অভিযান চালিয়ে গতকাল রোববার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ৫০ মেট্রিক টন ভেজাল সার জব্দ করেছেন। এ সময় ভেজাল সার প্রস্তুতের অভিযোগে চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি কারখানাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা এবং তিনটি কারখানাই সিলগালা করে দেওয়া হয়। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় র‌্যাব-৪-এর স্কোয়াড্রন লিডার মিরান হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জয়নাল আবেদিন ও সাভার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রইস উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে র‌্যাব-৪-এর একটি দল গতকাল বেলা ১১টার দিকে রাজাসন এলাকার তাসনিয়া এগ্রো লিমিটেড কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানায় কাউকে পাওয়া যায়নি। তবে কারখানায় পাওয়া সার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তা ভেজাল মিশ্র সার। আদালত এরপর অভিযান চালান দেওগাঁও এলাকার নিরব ফার্টিলাইজার কারখানায়। ভেজাল সার প্রস্তুতের দায়ে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কারখানাটির অন্যতম কর্মকর্তা শাহিনুল ইসলামকে আটক করে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে একই এলাকার আশা এগ্রোপ্রোডাক্ট কারখানায় অভিযান চালিয়ে সেখানেও ভেজাল সার প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। আদালত কারখানাটিকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া এর তিন কর্মচারীকে আটক করে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন। সাভার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রইস উদ্দিন ভূঁইয়া জানান, প্রতি মাসে কারখানাগুলোর কার্যক্রমসংক্রান্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও প্রায় এক বছর ধরে কারখানা তিনটি কোনো প্রতিবেদন দেয়নি। এমনকি কারখানা তিনটি বন্ধ রয়েছে বা এখানে কোনো ধরনের উৎপাদন হচ্ছে না, তাও কারখানা কর্তৃপক্ষ জানায়নি। এসআরডিআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, কারখানা তিনটিতে মাটি, জিপসাম, ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে মিশ্র সার তৈরি করা হচ্ছিল। এই সার কখনো দস্তা সার বলে বিক্রি করা হচ্ছিল। আবার কখনো রেড অক্সাইড ব্যবহার করে রঙের পরিবর্তনের মধ্য দিয়ে মিশ্র সার হিসেবে বিক্রি করা হয়। তিনি বলেন, এই সার ব্যবহার করা হলে আবাদি চারা প্রয়োজনীয় পুষ্টি পাবে না। ফলে কাঙ্ক্ষিত উৎপাদনও সম্ভব হবে না। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, এসব কারখানা দীর্ঘদিন ধরে ভেজাল সার উৎপাদন করে দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে আসছিল। এগুলো থেকে কমপক্ষে ৫০ মেট্রিক টন ভেজাল সার জব্দ করা হয়েছে।