ভেট্টোরি এখন ‘সাধারণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশা, কষ্ট, আক্ষেপ, দুশ্চিন্তা কিংবা একটুর জন্য স্বপ্ন সত্যি না হওয়ার যন্ত্রণা—থাকতে পারত অনেক কিছুই। তাঁর মনের মধ্যে আসলে কী চলছিল? বাইরে থেকে দেখে বা কথা শুনে অন্তত বোঝার উপায় নেই। অধিনায়ক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে ড্যানিয়েল ভেট্টোরি একদম ‘সুপার কুল’। বোঝার উপায় নেই, শ্রীলঙ্কাকে জয় এনে দেওয়া সামারাবীরার বাউন্ডারিটির সঙ্গে সঙ্গে এই লোকটিই মাথা নিচু করে স্তব্ধ হয়ে বসে ছিলেন।ম্যাচ শেষ হওয়া আর সংবাদ সম্মেলনের মাঝের সময়টুকুতে হয়তো নিজেকে সামলে নিয়েছেন। মনে পড়ে গেছে বাস্তবতা। ইতিহাস থেকে হয়তো ঢিল ছোড়া দূরত্বে ছিলেন। কিন্তু বিধ্বস্ত দল নিয়ে বিশ্বকাপে এসে ইতিহাসের সামনে দাঁড়ানোও তো কম কৃতিত্বের নয়! ‘অবশ্যই আমরা হতাশ। টুর্নামেন্টে টিকে থাকতে দলের সবাই সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। আমি খুশি যে বল হাতে আমরা লড়াই করেছি। তবে আসলে ব্যাটিংয়েই আমরা হেরে গেছি। শেষদিকে খুব বেশি উইকেট হারিয়েছি। অন্তত ২০-৩০ রান কম হয়ে গেছে আমাদের’—মুখে ভেট্টোরি হতাশা প্রকাশ করলেন বটে, কিন্তু চেহারায় তার লেশ খুব একটা নেই। হয়তো সেমিফাইনালের আগে যা বলেছিলেন, সবচেয়ে বড় সত্যি সেটাই, ‘এত ছোট্ট একটা দেশ, এত কম লোকের দেশ হয়ে আমরা ৬ বার সেমিফাইনাল খেললাম, এটাই বা কম কী! আমাদের রেকর্ডে আমরা গর্বিত!’কিন্তু আলোর নিচেই যে অন্ধকার! ছয়বার সেমিফাইনাল খেলে একবারও ফাইনাল নয়, এটা কি শুধু ক্রিকেটীয় কারণ? মানসিক বাধাটাও কি কাজ করে না! প্রশ্নটার উত্তাপ স্পর্শই করল না ভেট্টোরিকে, ‘আগেরগুলোর কথা আমি বলতে পারব না। আমি শুধু আমার দল নিয়েই বলতে পারি এবং সেটা আগে বলেছিও। আমাদের রানটা একটু কম হয়ে গিয়েছিল। টপ অর্ডার আমাদের ভালো একটা ভিত্তি দিয়েছিল, যেটা আমরা কাজে লাগাতে পারিনি। শ্রীলঙ্কার বোলিং ছিল দুর্দান্ত। যখনই আমরা জুটি গড়ার চেষ্টা করেছি, ওরা উইকেট নিয়েছে।’নিউজিল্যান্ডের বিশ্বকাপ ভাগ্যের পরিবর্তন না হলেও নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে ভেট্টোরির ক্যারিয়ার। দলের সেরা বোলার, সেরা ব্যাটসম্যানদের একজন, অধিনায়ক, কোচ, নির্বাচক—খুব বেশি দিন আগের কথা নয়, ভেট্টোরি ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বেসর্বা। নতুন কোচ এল, নির্বাচকের পদ হারালেন, গত কিছুদিনে ব্যাটসম্যান ভেট্টোরিকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পরশু প্রেমাদাসায় দলকে নেতৃত্ব দিলেন শেষবার। শুধু তা-ই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। বাতাসে ভেসে বেড়াচ্ছে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দিতে পারেন। ভেট্টোরি নিজেও মনে হলো সিদ্ধান্তটি নিয়ে একটু দ্বিধায় আছেন, ‘নিউজিল্যান্ডের পরের ওয়ানডের আগে মাস ছয়েক সময় আছে। ক্যারিয়ার নিয়ে ভাবার জন্য আর পরিবারের সঙ্গে আলোচনা করার জন্য যথেষ্ট সময় এখনো আমার হাতে আছে। এমনও হতে পারে কিছুদিনের জন্য বিরতি নিতে পারি, কিন্তু ওয়ানডে একেবারেই বাদ হয়তো দেব না। তবে টেস্ট আমি খেলেই যাব। টেস্টের জন্যই ক্রিকেটটা আমি খেলছি। একটা টেস্ট জয়ের মতো আনন্দ আর কিছুতে নেই।’ছয় মাস পরে হোক, কিংবা যখনই, ভেট্টোরি পরের বার যখন মাঠে নামবেন, অন্য রকম একটা অনুভূতি তাঁর হবেই। চাপ নেই, ভাবনা নেই। সেই আগের মতো, ভেট্টোরি শুধুই একজন ‘সাধারণ’ ক্রিকেটার!