ভেট্টোরি যে জয় চান দেশের জন্য
কাছের মানুষকে দেশে রেখেই বিশ্বকাপ খেলতে এসেছিল নিউজিল্যান্ড দল। প্রথম ম্যাচে কেনিয়াকে গুঁড়িয়ে দিয়ে আনন্দেই থাকার কথা ‘ব্ল্যাক ক্যাপ’দের। কিন্তু দলের মধ্যে এখন বাসা বেঁধেছে শোক, দুশ্চিন্তা আর উৎকণ্ঠা। ভূমিকম্পে মারা গেছে দেশের ৬৫ জন মানুষ। দলের অনেক সদস্য জানেন না তাঁদের পরিবার নিরাপদে আছে কি না। এ অবস্থায় শুধু খেলা কেন, কোনো কাজেই মনোযোগ দেওয়া সম্ভব নয়। তবু খেলতেই হবে। বিশ্বকাপে এসে নিজেদের প্রমাণেরও তো দায় থাকে। আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তবে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির বিশ্বাস, তাসমান সমুদ্রের ওপারের দেশটির সঙ্গে জয়ই পারে শোকাবহ নিউজিল্যান্ডকে কিছুটা জাগিয়ে তুলতে। শোককে শক্তিতে পরিণত করে বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে চান তিনি। ‘সবচেয়ে ভালো যে কাজটা আমরা করতে পারি, অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশে কঠিন সময়ের মধ্যে দিন কাটাতে থাকা দেশবাসীকে সান্ত্বনা দিতে’—বলেছেন ভেট্টোরি।দলের সদস্যদের প্রায় সবারই পরিবার, বন্ধুবান্ধব আছে ক্রাইস্টচার্চে। কোচ জন রাইটের জন্মস্থান ক্রাইস্টচার্চ। সেখানকার ঘরোয়া দল কেন্টারবুরিতে খেলেন পেসার হামিশ বেনেট। শুধু নিউজিল্যান্ড নয়, শোক ছুঁয়ে গেছে হল্যান্ড অধিনায়ক পিটার বোরেনকেও। তাঁর জন্মও যে ক্রাইস্টচার্চে।সবার কাছ থেকেই সমবেদনা পাচ্ছে নিউজিল্যান্ড। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভূমিকম্পে নিহতদের সম্মান জানাতে বিশেষ পদক্ষেপ নেবে আইসিসি। ‘এ রকম একটা দুর্যোগে যারা কাছের মানুষকে হারিয়েছে, খেলাটা তাদের সমর্থন আর সমবেদনাই শুধু জানাতে পারে’—বলেছেন তিনি। ওয়েবসাইট।