বাংলাদেশের বিজয়ের আনন্দক্ষণে বিষণ্নবদন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়ে লিখেছেন রাজীব হাসান
ভেট্টোরির জন্য সহানুভূতি
কথাটা বললে লোকে আমাকে মীরজাফর ঠাওরে বসবেন। খ্যাতিমান কেউ হলে শাহবাগের মোড়ে চাই কি দু-চারটা কুশপুতুলও ‘মারা’ পড়ত নির্ঘাত। শেষাবধি কথাটা শোনার পর বিজ্ঞ পাঠক হয়তো আমার ‘মস্তিষ্ক প্রক্ষালন’ হয়েছে কি না, এ নিয়ে সন্দেহ করতে পারেন। এই সমস্ত ঝুঁকি নিয়েও, জীবনবিমাহীন এই আমি নির্দ্বিধায় স্বীকার করছি, বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের গত ম্যাচটার পুরস্কার বিতরণী মঞ্চটায় ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকা ড্যানিয়েল ভেট্টোরির জন্য সত্যিই খারাপ লাগছিল আমার!নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ঐতিহাসিক মুহূর্তটায় যে দুজন বাঙালি খুব একটা উল্লাস প্রকাশ করে ‘থ্রি চিয়ার্স ফর প্যালারাম, হিপ্ হিপ্ হুররে’ জাতীয় উল্লাসে মাতেননি, এই অধম তাঁদের একজন। দ্বিতীয় নাখোশ বান্দাটির নাম জানার সৌভাগ্য হয়নি। তাঁর কথা পরে হবে। আগে বয়ান করা যাক নিউজিল্যান্ডের তরে আমার মন কেন কাঁদল। না হলে এই লেখার মাঝপথেই আমাকে ফেরার ঘোষণা করে হুলিয়া জারি হতে পারে।গুণীজন মাত্রই স্বীকার করবেন, শুধু অস্ট্রেলিয়াই নয়, ক্রিকেট ভদ্রলোকেও খেলে (নেহাতই লঘুচালে মন্তব্যটি করা, এর জন্যও কল্লা চেয়ে বসবেন না)। এ তো আর গ্ল্যাডিয়েটরের লড়াই নয়, জীবন-মৃত্যুতে নির্ধারিত হয় জয়-পরাজয়। ক্রিকেটে হার-জিত শেষ পর্যন্ত নিছকই তোলা থাকে পরিসংখ্যানে। তাই মানবিক দিক দিয়ে দেখুন। বাংলাদেশে পা রাখার পর থেকে একের পর এক বিস্ময়ের মুখোমুখি হতে হতে বিস্মিত হওয়ার ক্ষমতাও লোপ পেতে শুরু করা ভেট্টোরির চন্দ্রাহত অভিব্যক্তি দেখে খারাপ লাগারই কথা।বেচারা বাংলাদেশে পা রেখেই দুটো কথা বলেছেন। প্রথম কথা, নিজেদের এই সিরিজে ফেবারিট ভেবে নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা যেন আত্মতৃপ্তিতে না ভোগে। বাংলাদেশ যেকোনো সময় চমকে দিতে পারে। দ্বিতীয় কথা, সাকিব আল হাসান নামের তরুণটা গায়ে-গতরে দশাসই না হলেও একাই গন্ডা খানেক ষন্ডাকে ঘায়েল করার শক্তি ধরে। তাই ওকে সমঝে চলো।এমন কথা ভেট্টোরি আগেও বলেছেন। বাংলাদেশ যখন হাঁটি হাঁটি পা পা করা দল, দু পা হাঁটতে গিয়ে তিনবার হোঁচট খায়, সেই সময়ও বিশ্বের নামজাদা অধিনায়কেরা বাংলাদেশ সম্পর্কে মিডিয়ায় এমন দু-চারটা কথা হামেশাই বিলাতেন। কথা বলতে তো আর টাকা লাগে না। কেউ মোকদ্দমাও ঠুকে দিচ্ছে না। তা ছাড়া ক্রিকেটীয় কেতার মধ্যেই পড়ে দুর্বল প্রতিপক্ষ সম্পর্কেও ম্যাচের আগে ভালো ভালো কথা বলা।এবার ঢাকায় পা রেখে বলা ভেট্টোরির এসব কথাবার্তা খোদ এ দেশের দুঁদে ক্রীড়া সাংবাদিকটিও খুব একটা গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন—এমনটা ভাবা বাতুলতা। কিন্তু কিবাম্ আশ্চর্যম্! ভাগ্যদেবী যেন ভেট্টোরির ইচ্ছা পূরণ করে দিলেন। আজ তাঁকে মাঠে নামতে হচ্ছে এরই মধ্যে সিরিজে পরাজিত একটা দলের অধিনায়ক হিসেবে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এরই মধ্যে একটা পরিবর্তনও আসার কথা, সেখানে বাংলাদেশের পদোন্নতি হবে বলেই জানি। তবে এর চেয়েও বড় পরিবর্তন সম্ভবত হবে বড় ভাই দলগুলোর মনোভাবে। বাংলাদেশকে নিয়ে সমীহের বাণী এখন শুধু ভদ্রতার খাতিরে দিতে হবে না তাঁদের।ভেট্টোরির জন্য খারাপ লাগছে আরেকটি কারণে। বেচারা এই সফরে এসেছেন সদ্যোজাত সন্তানকে দেশে রেখে এসে। দ্বিতীয় সন্তানের মুখ দেখা গর্বিত বাবা এর কিছুদিন পর টানা দ্বিতীয়বার হয়েছেন নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারও। সুসময়ের হাসি কত দ্রুতই না মুছে যায়! চোখে চশমা, গালে খোঁচা খোঁচা দাড়ি—সবই আছে। মুখে নেই শুধু বারান্দায় উঁকি দেওয়া এক চিলতে রোদ্দুরের মতো সেই চেনা হাসিটা। ভেট্টোরির জন্য সত্যিই খারাপ লাগল ভীষণ!কথাটা বলেছিলেন জেসি রাইডার, মদ্যপ অবস্থায়, ‘আমাকে চেনো না! আমি হলাম নিউজিল্যান্ডের ক্রিকেট।’ ঠিক একই বাক্য ভেট্টোরি চাইলে সজ্ঞানে বলতে পারেন। তিনি অধিনায়ক, দলের মূল ভরসা, নির্বাচক...তিনি আসলেই নিউজিল্যান্ডের ক্রিকেট। সিরিজে ভেট্টোরির ব্যাট কথা কইছে না দেখেই কি অমন বোবা হয়ে আছে পুরো দলই!সবচেয়ে খারাপ লাগল চতুর্থ ওয়ানডের পর সংবাদ সম্মেলনে। ধ্যাত্তোরি বলে তো আর ভেট্টোরির না বলার জো নেই। সাংবাদিকদের সামনে হাজিরা তাঁকে দিতেই হয়েছে। এবং অবধারিতভাবে মুখোমুখি হতে হয়েছে প্রশ্নটার—তাহলে কি সাকিবের কাছেই হারলেন? এই বেলা যেন একটু আঁতে ঘা লাগল। ঘুরেফিরে আসা প্রশ্নটার একই উত্তর দিলেন: না! সাকিবের কাছে তাঁর দল হারেনি কথাটা যতটা দৃঢ়স্বরে উচ্চারণ করলেন, মনে হলো না, ভেতরে ভেতরে ততটা দৃঢ় তাঁর আত্মবিশ্বাস।এরই মধ্যে প্রথম আলোর ক্রীড়া বিভাগকেও ভেট্টোরির মতো একটা ‘অনাকাঙ্ক্ষিত’ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। পূর্বাহ্নে বাংলাদেশের হয়ে নাখোশ যে দ্বিতীয় ব্যক্তিটির কথা বলা হয়েছিল, সেই নাম প্রকাশ না করা ‘ভদ্রলোক’ ফোন করে সন্দেহ প্রকাশ করলেন, ‘সিরিজটা ভাই পাতানো না তো! কেন জানি হজম হচ্ছে না।’পাল্টা জবাব দেওয়ার সুযোগ হয়নি বদহজমে আক্রান্ত ওই ব্যক্তি ফোন আগেই কেটে দেওয়ায়। সাকিবদের কাছে প্রত্যাশা থাকবে, এমন জয়ের পুনরাবৃত্তি যেন তাঁরা করেন অদূর ভবিষ্যতে। যেন ছিদ্রান্বেষীরা হজম-বটিকা খুঁজে পায়। যেন বাংলাদেশের বিপক্ষে টানা ৪-৫ ম্যাচ হেরে যাওয়াটা হজম করতে পারেন ভেট্টোরিরাও।তাঁর করুণ মুখটা দেখে যে বিরহের কাব্য উছলে ওঠে!