ভেড়ামারার ইউএনও শঙ্কামুক্ত, ছয়জন আটক
দুর্বৃত্তদের হামলায় আহত কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিবুল ইসলাম এখন শঙ্কামুক্ত। তাঁর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে দুর্বৃত্তদের ককটেল হামলায় ইউএনও মোহাম্মদ রাজিবুল ইসলাম আহত হন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।এ ব্যাপারে কুষ্টিয়া জেলার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম বলেন, এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হবে। থানায় মামলার প্রস্তুতি চলছে।চিকিৎসাধীন রাজিবুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, হামলার ব্যাপারে সন্দেহজনক তিনটি বিষয় তিনি পুলিশ কর্মকর্তাদের জানিয়েছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, ইউএনওর আঘাত গুরুতর নয়। তাঁর কপালে ও ডান কানে স্প্লিন্টারের আঘাত দেখা গেছে। তাঁর চিকিৎসা চলছে।আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভায় ইউএনওর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে বলে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান।