ফাইনালে উঠা হলো না সেরেনা উইলিয়ামসের। গতকাল শুক্রবার রোমে অনুষ্ঠিত সেমিফাইনালে সার্বিয়ার জেলেনা জ্যাংকোভিচের কাছে হেরে ইটালিয়ান ওপেন টেনিস থেকে বিদায় নিয়েছেন সাবেক এই ‘নাম্বার ওয়ান’। এর আগের দিন বৃহস্পতিবার সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে করেন জ্যাংকোভিচ। আজ শনিবার অনুষ্ঠেয় ফাইনালে মারিয়া মার্টিনেজের বিপক্ষে খেলবেন তিনি।উইলিয়ামস-বোনদের জন্য এ প্রতিযোগিতায় জ্যাংকোভিচ যেন যমদূত হয়েই দেখা দিয়েছেন। আগের দিন ভেনাসকে দাঁড়াতেই দেননি জ্যাংকোভিচ। সেমিফাইনালে ছোট বোন সেরেনাকে বিদায় করতে অবশ্য বেশ ঘাম ঝরাতে হয়েছে সার্বিয়ার এই তারকাকে। প্রথম সেটে এগিয়েও গিয়েছিলেন সেরেনা। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৭-৬ (৭-৫) সেটে জয় নিশ্চিত করেন জ্যাংকোভিচ। পর পর দুই দিন দুই উইলিয়ামস বোনকে হারানোর প্রতিক্রিয়ায় বিবিসিকে ২৫ বয়সী সার্বিয়ার এই খেলোয়াড় বলছেন, ‘এটা ভাবতেই আমার আনন্দ লাগছে। দুই বোনকে এভাবে হারাতে পারব ভাবিনি। আমি সত্যিই আমাকে নিয়ে গর্ববোধ করছি। এ রকম ঘটনা সব সময় ঘটে না।’