ভেনিজুয়েলায় বন্যা ও ভূমিধসে নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভেনিজুয়েলায় কমপক্ষে ২৫ ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া এই দুর্যোগে কয়েক হাজার বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। সর্বশেষ দেশটির রাজধানী কারাকাসে চারজনের মৃত্যু হয়। পরিস্থিতির ভয়াবহতায় কারাকাস ও উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশে সরকার জরুরি অবস্থা জারি করেছে।ভেনিজুয়েলার সরকার জানিয়েছে, ৩৩ হাজারেরও বেশি লোককে ইতিমধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। অধিকাংশ হতাহতের ঘটনা কারাকাসের দরিদ্র অঞ্চলে ঘটেছে। কারাকাসের পাহাড়ি ঢালের বাড়িগুলো ভূমিধসে বিধ্বস্ত হয়ে গেছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অ্যান্টমানো জেলা পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ অতি ঝুঁকির মধ্যে থাকা এলাকার লোকজনকে দ্রুত সরকারি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ওই এলাকার লোকজনের উদ্দেশে বলেন, ‘আমি না এলে আপনারা এ এলাকা ছাড়বেন না বলেছেন। আমি এসেছি।’তবে স্থানীয় কাউন্সিলের সদস্য মারবেলা পাইমেন্টাল বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আশ্রয়কেন্দ্রগুলো ইতিমধ্যে অতিরিক্ত লোকে ভরে গেছে এবং তাদের জন্য আরও সাহায্য দরকার। তিনি জানান, প্রতিবন্ধী, গর্ভবর্তী নারী, বয়স্ক ও অসুস্থ শিশুদের হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় নেতা ও ব্যবসায়ীরা এতে আর্থিক সহায়তা দিচ্ছেন। প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ জানিয়েছেন, তাঁর সরকারি বাসভবনে বন্যায় আক্রান্ত ২০টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের জন্য নতুন বাড়ি না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করতে পারবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। তিনি জানান, প্রয়োজন হলে তিনি দুর্গতদের থাকার জন্য রাজধানীর একটি সামরিক কমপ্লেক্স খালি করে দেওয়ার নির্দেশ দেবেন। এমনকি পার্লামেন্টের ভেতরের জায়গাও বন্যায় আক্রান্তদের থাকার জন্য ব্যবহার করা হতে পারে। এর আগে ১৯৯৯ সালের ভেনিজুয়েলায় স্মরণকালের মধ্যে ভয়াবহ বন্যায় ৩০ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল। বিবিসি।