ভেনেজুয়েলা ফিরেছেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ কিউবায় ক্যানসারের চিকিত্সা শেষে দেশে ফিরেছেন। টুইটারে পোস্ট করা বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। আজ সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টুইটারে পোস্ট করা তিনটি বার্তার মধ্যে একটিতে ৫৮ বছর বয়সী চাভেজ বলেন, ‘আমরা ভেনেজুয়েলার মাটিতে ফিরে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসীকে ধন্যবাদ। আমরা এখানে আমাদের চিকিত্সা অব্যাহত রাখব।’টুইটার বার্তায় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ও সাবেক নেতা ফিদেল কাস্ত্রোকে ধন্যবাদ জানিয়েছেন চাভেজ। এ ছাড়া সংশ্লিষ্ট চিকিত্সকদের ওপর তাঁর আস্থা রয়েছে বলে জানান তিনি। সর্বশেষ টুইট বার্তায় চাভেজ বলেন, ‘আমরা বিজয়ের পথে। আমরা বাঁচব এবং একে (ক্যানসার) পরাজিত করব।’চাভেজের ক্যানসারের চতুর্থ দফার চিকিত্সা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এটা গুরুতর বলে ধারণা করা হচ্ছে। গত বছরের ১১ ডিসেম্বর চতুর্থ দফায় ক্যানসারের অস্ত্রোপচারের জন্য কিউবার রাজধানী হাভানায় যান চাভেজ। ২০১১ সালের মাঝামাঝি নাগাদ তাঁর ক্যানসার ধরা পড়ে। চতুর্থ দফা ক্যানসারের অস্ত্রোপচারের পর নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন চাভেজ। ফলে নির্বাচনের পর নির্ধারিত সময়ে প্রেসিডেন্ট হিসেবে নতুন করে শপথ নিতে পারেননি লাতিন আমেরিকার ৫৮ বছর বয়সী এই এই সমাজতান্ত্রিক নেতা।