ভেনেজুয়েলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় গত সোমবার প্রেসিডেন্ট নির্বাচন-পরবর্তী সহিংসতায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া বহু লোক আহত হয়েছেন।গত রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন হুগো চাভেজের উত্তরসূরি নিকোলা মাদুরো। বিরোধী নেতা হেনরিক ক্যাপরিলেস ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। একই দাবিতে আজ বুধবার রাজধানী কারাকাসে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তিনি।বিবিসি জানায়, ক্যাপরিলেসের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার অভিযোগ এনেছেন মাদুরো। একই সঙ্গে বিক্ষোভ-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।নির্বাচন-পরবর্তী সহিংসতার জন্য সরকারকে দায়ী করেছেন ক্যাপরিলেস। তিনি দাবি করছেন, ভোট পুনর্গণনা ও বিক্ষোভ-সমাবেশ পণ্ড করতেই মাদুরো সরকার এই সহিংসতা চালিয়েছে।রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে চাভেজের পছন্দের উত্তরসূরি নিকোলা মাদুরো ভোট পেয়েছেন ৫০ দশমিক ৭ শতাংশ। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ। মাদুরো ক্ষমতাসীন দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্যাপরিলেস লড়েন জাস্টিস ফার্স্ট পার্টি থেকে।ক্যাপরিলেস ভোট পুনর্গণনার দাবি জানিয়ে বলেন, মাদুরো এখন আরও বেশি ‘বৈধতা হারালেন’। রোববারের নির্বাচনে তিন হাজারের অনিয়মের ঘটনা ঘটেছে। তাই এগুলোর পুনরায় যাচাই করা প্রয়োজন। তবে রোববার রাতে ভোটের ফলাফল ঘোষণা করে জাতীয় নির্বাচন পরিষদ বলেছে, এটি পরিবর্তনযোগ্য নয়।