ভেনেজুয়েলায় বিমান বিধ্বস্ত হয়ে ১৫ আরোহী নিহত
ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের এক ইস্পাত কারখানার সামনে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন আরোহী নিহত হয়েছে। বিমানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ৫১ জন আরোহী ছিল। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।কর্তৃপক্ষ জানায়, দেশটির রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনস কনভিয়াসার অভ্যন্তরীণ রুটের ওই বিধ্বস্ত বিমান থেকে ৩৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।বিমানটি ক্যারিবীয় দ্বীপ মারগারিটা থেকে শিল্পনগর পুয়েরতো অরদাজে যাচ্ছিল।স্থানীয় গভর্নর ফ্রান্সিসকো গোমেজ বলেন, ‘এ দুর্ঘটনার পরও ৩৬ জনকে আমরা উদ্ধার করতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ যে উদ্ধার হওয়া লোকজনের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।’পুয়েরতো অরদাজ হাসপাতালের পরিচালক ইয়ানিতজা রোডরিগোয়েজ জানান, আহত লোকজনের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ইনস্টিটিউটের একজন কর্মকর্তা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে পাইলট রেডিওর মাধ্যমে বিপদসংকেত পাঠিয়েছিলেন।পরিচয় প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, ধারণা করা হচ্ছে, বিমানটি নিয়ন্ত্রণ হারানোর ফলেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে গভর্নর জানান, এতে স্টিল কারখানার শ্রমিকেরা কেউ আহত হননি, এমনকি কারখানাটিরও কোনো ক্ষতি হয়নি। বিমানটি একটি আবর্জনাপূর্ণ এলাকায় ভেঙে পড়েছিল। সেখানে কারখানার ব্যারেল ও অব্যবহূত ইস্পাত উপাদান রাখা ছিল।এর আগে ২০০৮ সালে ভেনেজুয়েলায় একটি বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে। এতে বিমানে থাকা ৪৬ জন আরোহীর সবাই নিহত হয়।—রয়টার্স