ভেনেজুয়েলায় ১৪ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন
ভেনেজুয়েলায় আগামী ১৪ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামীকাল সোমবারের মধ্যে প্রার্থীদের নাম নিবন্ধন করার নির্দেশ দিয়েছেন দেশটির নির্বাচন কমিশনের প্রধান তিবিসে লুসেনা। আজ রোববার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন বামপন্থী দলের পক্ষের প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। অন্যদিকে বিরোধী ডানপন্থী জোটের পক্ষে হেনরিক ক্যাপরিলেস প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৫ মার্চ মারা যান ভেনেজুয়েলার বিপ্লবী নেতা প্রেসিডেন্ট হুগো চাভেজ। তাঁর মৃত্যুতে প্রেসিডেন্টের পদটি শূন্য হয়ে পড়ে। চাভেজের মৃত্যুর পর গত শুক্রবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তবে ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অবর্তমানে ৩০ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে। এ কারণে শুক্রবার দায়িত্ব নেওয়ার পরপরই প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান মাদুরো।নির্বাচন কমিশন তারিখ ঘোষণার পর বিরোধী ডানপন্থী জোট নিজেদের প্রার্থী হিসেবে হেনরিক ক্যাপরিলেসের নাম ঘোষণা করেছে। তবে হেনরিক ক্যাপরিলেস বলেছেন, নির্বাচন কমিশনের বিবৃতি পর্যালোচনা করে নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন তিনি।