ভেনেজুয়েলা চীনের কে-৮ জেট বিমানের দ্বিতীয় চালান আনছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট হুগো শাভেজ গতকাল রোববার বলেছেন, ভেনেজুয়েলা চীন থেকে কে-৮ সামরিক প্রশিক্ষণ বিমানের দ্বিতীয় চালান আনতে আট কোটি ২০ লাখ মার্কিন ডলার ব্যয় করবে।শাভেজের কথিত সমাজতন্ত্রী সরকার চীনের কাছ থেকে ১৮টি কে-৮ হালকা জঙ্গি ও প্রশিক্ষণ বিমান কিনতে একটি চুক্তি করে এবং গত মার্চে প্রথম চালানে ছয়টি বিমান গ্রহণ করে। শাভেজ টেলিভিশনে সম্প্রচারিত তাঁর নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠানে বলেন, ‘চীনে তৈরি কে-৮ জেট বিমানের দ্বিতীয় চালানের জন্য আমরা আট কোটি ২০ লাখ ডলার দিয়েছি। বিমানগুলো আমরা এ দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষার কাজে ব্যবহার করব।’বার্তা সংস্থা রয়টার্স জানায়, দ্বিতীয় চালানে কয়টি বিমান থাকবে এবং কখন সেগুলো ভেনেজুয়েলা পৌঁছবে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।প্রেসিডেন্ট শাভেজ বলেছেন, তিনি ৪০টি কে-৮ বিমানের একটি বহর গড়ে তুলতে চান। যুক্তরাষ্ট্র ২০০৬ সালে ভেনেজুয়েলার কাছে কোনো মার্কিন অস্ত্র বা তার অংশ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কিউবা ও ইরানের ঘনিষ্ঠ মিত্র শাভেজ দক্ষিণ আমেরিকায় অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন জোগাচ্ছেন। কে-৮ বিমান ছাড়াও, ভেনেজুয়েলা চীনের কাছ থেকে রাডারের একটি নেটওয়ার্ক এবং ৪০০ কোটি মার্কিন ডলার মূল্যে রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র কিনেছে। রুশ যুদ্ধাস্ত্রগুলোর মধ্যে আছে ট্যাংক, ক্ষেপণাস্ত্র ও জঙ্গিবিমান। এ অস্ত্রগুলো মার্কিন নিষেধাজ্ঞায় ক্রমশ অকেজো হয়ে ওঠা এফ-১৬ জঙ্গি বিমানগুলোর স্থলাভিষিক্ত হবে।শাভেজ বলেন, তিনি কেবল তাঁর দেশের সশস্ত্র বাহিনীগুলোকে আধুনিকীকরণ করছেন। তিনি আরও বলেন, আজ সারা বিশ্বে চীন যেমন ভেনেজুয়েলার সর্ববৃহত্ মিত্রদের মধ্যে অন্যতম তেমনি ভেনেজুয়েলাও চীনের জন্য তা-ই।