ভেনেজুয়েলা ফিরেছেন চাভেজ
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ কিউবায় ক্যানসারের চিকিৎসা শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন। খবর রয়টার্সের। গত সপ্তাহের শেষে ক্যানসারের চিকিৎসার উদ্দেশ্যে চাভেজ কিউবা যান। এ সময় তিনি তাঁর কিছু ক্ষমতা দেশটির উপ-প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। গত শুক্রবার চাভেজ জানান, তিনি দ্বিতীয়বারের মতো কেমোথেরাপির জন্য প্রস্তুত হচ্ছেন।দেশে ফিরে রাজধানী কারাকাসের বিমানবন্দরে এক সংক্ষিপ্ত ভাষণে চাভেজ জানান, চিকিৎসকেরা তাঁর শরীরে কোনো ক্ষতিকর কোষ পাননি। আগের চেয়ে ভালো শারীরিক অবস্থা নিয়ে তিনি দেশে ফিরেছেন। চাভেজ বলেন, ‘আজ আমার জন্য আনন্দের দিন। আমি আগের চেয়ে ভালো স্বাস্থ্য নিয়ে দেশে ফিরেছি। সৃষ্টিকর্তাকে এ জন্য ধন্যবাদ জানাই।’গত শুক্রবার এক বার্তায় চাভেজ জানান, তিনি কেমোথেরাপির প্রথম পর্ব সফলভাবে শেষ করেছেন। আর ক্ষতিকর কোষকে পরাজিত করতে দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত হচ্ছেন। এর এক দিন পরই তিনি দেশে ফিরলেন।শরীরে দেখা দেওয়া টিউমার দূর করতে হুগো চাভেজ অস্ত্রোপচারের উদ্দেশ্যে গত মাসে কিউবার রাজধানী হাভানায় যান। চিকিৎসার জন্য সেখানে দীর্ঘদিন অবস্থান করায় ভেনেজুয়েলায় এ নিয়ে গুজব সৃষ্টি হয়। আগামী বছরের নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কি না, তা নিয়েও জনমনে সংশয় দেখা দেয়। ভেনেজুয়েলার এক জরিপে দেখা গেছে, দেশটিতে চাভেজের জনপ্রিয়তা এখনো ৫০ শতাংশ।