ভেনেজুয়েলার কারাগারে সংঘর্ষে নিহত ৫৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলের একটি কারাগারে গতকাল শুক্রবার এক সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫৪ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছে। আজ শনিবার আল জাজিরার অনলাইনের খবরে এ কথা জানানো হয়।ভেনেজুয়েলার জেল ও কারামন্ত্রী ইরিস ভ্যারেলার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওই কারাগারে আসামিদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে এমন খবর পেয়ে সেখানে সেনাসদস্যদের দিয়ে তল্লাশি চালায় কারা কর্তৃপক্ষ। এরপর কারাগারে আসামি ও সেনাসদস্যদের মধ্যে সংঘর্ষের শুরু হয়। ঘটনাস্থলে থাকা হাসপাতালের পরিচালক রুই মেদিনার বরাত দিয়ে আল জাজিরা জানায়, সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে একজন যাজক ও জাতীয় নিরাপত্তা বাহিনীর একজন রক্ষী রয়েছেন। অন্যরা কারাবন্দী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই গুলিবিদ্ধ। এর মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাসাপাতাল কর্তৃপক্ষ।