ভেনেজুয়েলার জ্যেষ্ঠ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ভেনেজুয়েলার কনসাল জেনারেলকে বহিষ্কার করেছে ওয়াশিংটন। লিবিয়া অ্যাকোসটা নোগুয়েরা নামের ওই কূটনীতিককে কাল মঙ্গলবারের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল রোববার এ কথা জানায়।পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র উইলিয়াম ওসটিক জানান, ওই কূটনীতিককে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত করার বিষয়টি গত শুক্রবার ওয়াশিংটনে ভেনেজুয়েলার দূতাবাসকে অবহিত করা হয়েছে।উইলিয়াম ওসটিক বলেন, ‘কনস্যুলার-সম্পর্কিত ভিয়েনা কনভেনশনের ২৩ অনুচ্ছেদের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কী কারণে ভেনেজুয়েলার কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, এ মুহূর্তে আমরা তার বিস্তারিত ব্যাখ্যা দেব না।’এর আগে ওয়াশিংটন অভিযোগ করেছিল, ২০০৮ সালে মেক্সিকোতে ভেনেজুয়েলার দূতাবাসে কর্মরত থাকাকালে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য সাইবার হামলার চালানোর ষড়যন্ত্রের আলোচনায় জড়িত ছিলেন নোগুয়েরা। যুক্তরাষ্ট্রের দাবি, কিউবা, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার সহায়তায় ইরান ওই হামলার যড়যন্ত্র করেছিল। এদিকে বিবিসি অনলাইন এক খবরে জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ওই ষড়যন্ত্রে ভেনেজুয়েলার কূটনীতিক জড়িত থাকার বিষয়টি তদন্ত করে।মার্কিন কংগ্রেসের চারজন সদস্য গত মাসে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কাছে ওই কূটনীতিকের ব্যাপারে উদ্বেগ প্রকাশে একটি চিঠি লিখেন। চিঠিতে তাঁরা নোগুয়েরার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা এবং তাত্ক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।অবশ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ গতকাল সাপ্তাহিক বেতার ও টেলিভিশন ভাষণে এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।