ভেনেজুয়েলার তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ২৪
ভেনেজুয়েলার ফ্যালকন প্রদেশে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগারে বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। বিস্ফোরণের ঘটনায় দুই দিনের জন্য উত্পাদন ব্যাহত হয়েছে শোধনাগারটিতে। বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়েছে।শোধনাগারের কর্মকর্তারা জানান, একটি গ্যাসট্যাংকের বিস্ফোরণ থেকে দুর্ঘটনার সূত্রপাত। ওই বিস্ফোরণে আমুয়াই শোধনাগারসহ কাছের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। প্রাদেশিক গভর্নর স্টেলা লুগো বলেন, আগুন এখনো জ্বলছে, তবে তা নিয়ন্ত্রণে আছে। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিত্সা দেওয়া হচ্ছে। বিশ্বের বৃহত্তম তেল শোধনাগারগুলোর মধ্যে আমুয়াই অন্যতম। এখানে প্রতিদিন ছয় লাখ ৪৫ হাজার ব্যারেল তেল পরিশোধিত হয়। বিশ্লেষকেরা বলেন, লাতিন আমেরিকার সবচেয়ে বড় তেল উত্পাদনকারী দেশ ভেনেজুয়েলার শোধনাগারগুলো বিদ্যুত্-বিভ্রাট ও দুর্ঘটনার মতো বিভিন্ন সমস্যায় জর্জরিত।