ভেনেজুয়েলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৪
ভেনেজুয়েলায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর শুরু হওয়া সহিংসতায় চারজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এভিএনের বরাত দিয়ে আল জাজিরা জানায়, চারজনের মধ্যে দুজন মিরান্ডা প্রদেশে, একজন তাসিরাতে এবং অপরজন দেশটির দক্ষিণাঞ্চলের জুলিয়া প্রদেশে মারা যান।গত রোববারের নির্বাচনের পর সরকার ও বিরোধী দল উভয়ই পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করেছে এবং তাতে সমর্থকদের অংশ নেওয়ার ডাক দিয়েছে। আল জাজিরা জানায়, রাজধানী কারাকাসে নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে বের হওয়া ছাত্রদের একটি বিক্ষোভ মিছিলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এই নির্বাচনে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা নিকোলাস মাদুরোকে হুগো চাভেজের উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়। বিক্ষোভকারীরা কারাকাসের পশ্চিমদিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। সেখানে দেশটির বেশির ভাগ সরকারি দপ্তর অবস্থিত।নির্বাচনে মাদুরোর প্রতিদ্বন্দ্বী হেনরিক কেপরিলেস মাদুরেকে সরকারিভাবে জয়ী ঘোষণা না করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছিলেন। তিনি ভোট পুনর্গণনারও ডাক দেন।