ভেনেজুয়েলায় নয়, ত্রিপোলিতেই আছি: গাদ্দাফি
ভেনেজুয়েলায় পালিয়ে গেছেন—এমন গুজবের মুখে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি গতকাল সোমবার মধ্যরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় হাজির হন। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিনি লিবিয়ার আছেন। মাত্র ২২ সেকেন্ডের টেলিভিশন বক্তৃতায় গাদ্দাফি বলেন, ‘আমি আপনাদের স্পষ্ট করতে চাই, ভেনেজুয়েলায় নয়, আমি ত্রিপোলিতেই আছি। বিদেশি সংবাদ মাধ্যমগুলোকে বিশ্বাস করবেন না। তারা কুকুর।’ রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে গাদ্দাফি তাঁর বাড়ির সামনে পুরাতন এক সাদা গাড়িতে বসে জাতির উদ্দেশে এসব কথা বলেন। এ সময় তিনি গাড়ির ভেতর থেকে বাইরের দিকে একটি ছাতা ধরে রাখেন। গাদ্দাফি বলেন, ‘আমি গ্রিন স্কয়ারে তরুণদের সামনে কিছু বলতে চেয়েছিলাম। কিন্তু এখন বৃষ্টি শুরু হয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এটা ভালো।’লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। গত সপ্তাহে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এই প্রথম গাদ্দাফিকে টেলিভিশনের পর্দায় দেখা গেল।বিক্ষোভের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, গাদ্দাফি লিবিয়া ছেড়ে ভেনেজুয়ালেতে পালিয়ে গেছেন। গতকাল সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছিলেন, তাঁর কাছে তথ্য আছে গাদ্দাফি ভেনেজুয়েলাতে পালিয়ে গেছেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর এই গুজব আরও তীব্র আকার ধারণ করে।বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভে গতকাল ত্রিপোলিতেই সহিংসতায় নিহত হয়েছে ৬১ জন। আর গত কয়েক দিনে ত্রিপোলি ছাড়া লিবিয়ার অন্যান্য স্থানে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে।