ভেনেজুয়েলায় পেট্রলবাহী ট্যাংকার দুর্ঘটনায় নিহত ১৩
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বাইরে পেট্রলবাহী একটি ট্যাংকার দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার ১৩ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয় আরও অন্তত ১৩ জন। পেট্রলের আগুনে আরও আটটি গাড়ি পুড়ে গেছে।কারাকাসের আগুন নিয়ন্ত্রণ বিভাগের সমন্বয়কারী উইলিয়াম মার্টিনেজ বিবিসিকে বলেন, পেট্রলবাহী ট্যাংকারটি প্যান-আমেরিকান মহাসড়কে উল্টে যায়। এতে আগুন ধরে আশপাশে ছড়িয়ে পড়ে। ওই আগুনে যাত্রীবাহী বাসের ১৩ জন পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। তাত্ক্ষণিকভাবে লাশগুলো শনাক্ত করা যায়নি। বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। সবাই গাড়ি থেকে লাফ দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে। এভাবে ১৫-২০ জন জীবন বাঁচাতে সক্ষম হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হুগো চাভেজ এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, প্যান-আমেরিকান মহাসড়কে দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।