ভেলায় ভাসিয়ে লাশ কবরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবদ্দশায় সেতু দেখে যেতে পারেননি আমেনা বেগম (৬০)। মরণের পর লাশ উঠল কলাগাছের ভেলায়। গন্তব্য কবরস্থান। কারণ, আমেনা বেগমের বাড়ি থেকে কবরস্থানে স্থানে যেতে ‘বোয়ালিয়া’ নামে মৃতপ্রায় একটি নদী রয়েছে। বর্ষায় এটি প্রাণ ফিরে পায়। এ নদীটির ওপর সেতু না থাকায় মরণেও ভোগান্তির হাত থেকে রেখাই পায় না এলাকার মানুষ।নাটোরের গুরুদাসপুর উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরের গ্রাম চলনালী কান্দিপাড়া। ওই গ্রামের বাসিন্দা ছিলেন আমেনা বেগম। ২৯ সেপ্টেম্বর তিনি মারা যান। আমেনা বেগমের ছেলে মজিদ জানান, বাঁশের সরু সাঁকো থাকায় লাশ সরাসরি কবরস্থানে নেওয়া সম্ভব হয়নি। পরে কলাগাছের ভেলা বানিয়ে খাটনিসহ লাশ পার করে দাফন করা হয়। এ রকম দুর্বিষহ অবস্থায় আছে নদীটির ওপারের সাতটি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।শিক্ষক মো. দেরাজতুল্লাহ জানান, ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামের কবরস্থানসংলগ্ন এক সময়কার খরস্রোতা বোয়ালি নদী (এখন মরাখাল) কান্দিপাড়া, চরকাদহ, সিঁধুলি, উদবাড়িয়া, চলনালী, পাঁশিশা ও পোয়ালশুরা গ্রামকে আলাদা করে রেখেছে। এলাকাবাসী চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে কোনো রকমে যাতায়াত করে। ওই সাঁকোটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট।কান্দিপাড়া গ্রামের টিপু সুলতান জানান, সাঁকোটির পূর্ব পারে একটি প্রাথমিক বিদ্যালয়, অপর পাশে কলেজসহ বেশ কয়েকটি উচ্চবিদ্যালয় আছে। প্রতিদিন দুই শতাধিক শিশুসহ স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়ে সাঁকোটি পারাপার হয়। এতে শিক্ষার্থীদের ভোগান্তির পাশাপাশি অভিভাবকদের থাকতে হয় উৎকণ্ঠায়।ভ্যানচালক মো. মনিরুল (২৫) জানান, ব্রিজটি না থাকায় গ্রামের রাস্তাটি পাকা হয়নি। কাদাজল পেরিয়ে ভ্যান দূরের পাকা সড়কে নিয়ে ভাড়া মারতে হয়। ধারাবারিষা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম জানান, ইউনিয়নের সব গ্রামে রাস্তা পাকা হয়েছে। শুধু ওই পয়েন্টে একটি পাকা ব্রিজ না হওয়ায় পাঁচটি গ্রামের উন্নয়ন পিছিয়ে রয়েছে। আধুনিক সভ্যতার ছোঁয়া লাগেনি গ্রামগুলোতে। গ্রামগুলোর দুর্দশা বিবেচনা করে একটি ব্রিজের দাবি জানিয়ে কয়েক দফা সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও লাভ হয়নি।